২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আটক সাংবাদিকের মুক্তি দাবি

জর্ডানের সাংবাদিক সুলেইমান আল খালিদিকে সিরিয়া কর্তৃপক্ষ আটক করার প্রতিবাদে বৃহস্পতিবার আম্মানে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 07:27 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

আম্মান, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্ডানের সাংবাদিক সুলেইমান আল খালিদিকে সিরিয়া কর্তৃপক্ষ আটক করার প্রতিবাদে বৃহস্পতিবার আম্মানে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা। সিরিয়ার গণবিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত মঙ্গলবার দামেস্কে সিরীয় কর্তৃপক্ষের হাতে গ্রেপ্তার হন খালিদি। তিনি রয়টার্সের হয়ে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার টেলিফোনে সংক্ষিপ্ত আলাপচারিতায় স্ত্রীকে গ্রেপ্তারের কথা জানান খালিদি। এ সময় তিনি দ্রুত ফিরে আসার আশাবাদও ব্যক্ত করেন। রাজনৈতিক কলাম লেখক মোহাম্মদ আবু রুম্মান বলেন, "সুলেইমান একজন দক্ষ ও সৎ সাংবাদিক। তাকে আটক করে আন্তর্জাতিক অঙ্গনে সিরিয়ার বর্তমান অবস্থা লুকিয়ে রাখা যাবে না।" প্রায় ৪০ জন সাংবাদিক 'ফ্রিডম ফর সুলেইমান, নো টু অ্যারেস্ট অব জার্নালিস্টস' লেখা প্ল্যাকার্ড নিয়ে জর্ডান'স জার্নালিস্টস সিন্ডিকেটের সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেন। ব্রিটেনে শিক্ষাগ্রহণকারী খালিদি ২০ বছরেরও বেশি সময় ধরে রয়টার্সের হয়ে জর্ডান, কুয়েত, সিরিয়া ও ইরাকে কাজ করে যাচ্ছেন। গত মঙ্গলবার খালিদিকে গ্রেপ্তারের পর তার নিরাপত্তা নিয়ে জর্ডানের ইন্টারনেট ব্লগ ও সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। জর্ডান'স জেনারেল সিন্ডিকেট অব ইউনিয়নে স্বাধীনতা কমিটির প্রধান মায়সারা মালাস বলেন, কেন খালিদিকে গ্রেপ্তার করা হলো তার কারণ জানাতে, অথবা ছেড়ে দিতে আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ সিরীয় কর্তৃপক্ষ। সোমবার রয়টার্সের আলোকচিত্রী ও জর্ডানে বসবাসকারী সিরীয় খালেদ আল-হারিরিকে গ্রেপ্তারের পর দিনই গ্রেপ্তার হলেন খালিদি। গ্রেপ্তারের পর থেকে এখনো হারিরির সঙ্গে কারো যোগাযোগ হয়নি। গ্রেপ্তার হওয়া এই দুই সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার জন্য সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টিফেন এডলার। এর আগে রয়টার্সের দুই টেলিভিশন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় এবং দুই দিন পর সোমবার তাদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া আরেক জর্ডানিয়ান ও রয়টার্সের প্রতিনিধি খালেদ ইয়াকুব ওয়েইসকে শুক্রবার 'অপেশাদার ও মিথ্যা' তথ্য দেওয়ার দায়ে সিরিয়া থেকে বহিষ্কার করে সিরীয় তথ্য মন্ত্রণালয়। রয়টার্স বলছে, সিরিয়ার বিক্ষোভের বিষয়ে তাদের সব ধরনের প্রতিবেদন প্রকাশে সহযোগিতা ও সমর্থন দেবে তারা। ১১ বছরের মধ্যে বর্তমান সময়েই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। এর আগে গত বুধবার ত্রিপোলি থেকে রয়টার্সের প্রতিনিধিকে বহিষ্কার করে লিবিয়ার সরকার। দুই সপ্তাহ আগে সৌদি আরবের রিয়াদ থেকেও রয়টার্সের প্রতিনিধিকে বহিষ্কার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৩২৪ ঘ.