২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গাদ্দাফির পক্ষ ত্যাগ করছেন শীর্ষ কর্মকর্তারা'

নিঃসঙ্গ হয়ে পড়ছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। তার সরকারে থাকা শীর্ষ কর্মকর্তারা একে একে তার পক্ষ ত্যাগ করে যাচ্ছেন। অনেক কর্মকর্তা ইচ্ছে থাকার পরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা এবং দেশত্যাগে জটিলতার কারণে গাদ্দাফির বিরুদ্ধে যেতে পারছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2011, 05:58 AM

Updated : 24 Aug 2022, 02:48 PM

ত্রিপোলি, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিঃসঙ্গ হয়ে পড়ছেন লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি। তার সরকারে থাকা শীর্ষ কর্মকর্তারা একে একে তার পক্ষ ত্যাগ করে যাচ্ছেন। অনেক কর্মকর্তা ইচ্ছে থাকার পরও কঠোর নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা এবং দেশত্যাগে জটিলতার কারণে গাদ্দাফির বিরুদ্ধে যেতে পারছেন না। বৃহস্পতিবার বিভিন্ন আরবি পত্রিকায় গাদ্দাফি সরকারের শীর্ষ কর্মকর্তাদের পক্ষত্যাগ সম্পর্কিত খবর প্রকাশিত হয়। এরমধ্যে কয়েকজনের পক্ষত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও বাকিদের সিদ্ধান্ত সম্পর্কে সত্যতা যাচাই সম্ভব হয়নি। এদিকে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসার দেশত্যাগ ও পদত্যাগে বিদ্রোহীরা উল্লসিত। এ বিষয়টিকে তারা মুয়াম্মার গাদ্দাফির শাসন অবসানের ইঙ্গিত বলেই মনে করছে। কিন্তু এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে মার্কিন কর্মকর্তারা। তারা মনে করেন, সহসাই ক্ষমতা ছাড়বেন না গাদ্দাফি। মার্কিন কর্মকর্তারা স্পষ্টভাবেই আরো একটি দুঃখজনক যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। গাদ্দাফির সরকারে থাকা পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসা দেশ ত্যাগ করে যুক্তরাজ্যে পৌঁছানোর পর গাদ্দাফির আশপাশে থাকা অন্যান্যদের প্রতিও একই পথ অনুসরণ করার আহ্বান জানায় ব্রিটেন। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হগ বলেন, "গাদ্দাফির অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিৎ, এরপর কে তাকে ছেড়ে যাচ্ছে।" অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের পর জাতিসংঘে লিবিয়ার দূত হিসেবে আলি আবদুসসালাম ট্রেকিকে নিয়োগ দেন গাদ্দাফি। কিন্তু এই নিয়োগ গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রেকি। তিনি লিবিয়ায় রক্তপাতের তীব্র নিন্দা জানিয়েছেন। গাদ্দাফির পক্ষত্যাগী শীর্ষ কর্মকর্তাদের সবার পক্ষত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও লিবিয়ার শীর্ষ কর্মকর্তাদের একটি গোষ্ঠী আলোচনার জন্য তিউনিসিয়ায় অবস্থান করছে এবং তারা যে সেখানেই যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ বিষয়টি বোঝা যাচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে। বেশ কয়েকটি আরবি সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, গাদ্দাফির পক্ষত্যাগকারীদের মধ্যে পার্লামেন্টের সমকক্ষ লিবিয়ার পপুলার কমিটির প্রধান মোহাম্মদ আবু আল কাসিম আল জাওয়ি রয়েছেন। এ ছাড়া দেশটির শীর্ষ তেল কর্মকর্তা শোকরি গানিমও পক্ষত্যাগকারীদের দলে রয়েছেন বলে খবর প্রকাশিত হলেও, বিষয়টি সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। শোকরি বৃহস্পতিবার এক বিবৃতিতে তার পক্ষত্যাগের খবরটি প্রত্যাখ্যান করেন। তিউনিসে অবস্থানরত আল জাজিরার প্রতিনিধি নাজনিন মোসহিরি জানিয়েছেন, ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত লিবিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আবু জায়েদ দোরদাহও গাদ্দাফির পক্ষ ত্যাগ করেছেন। চলতি বছরের ১৫ ফেব্র"য়ারি গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন শুরুর পর থেকে লিবিয়ার শীর্ষ পর্যায়ের অনেক কর্মকর্তা তার পক্ষ ত্যাগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আবদেল ফাতাহ ও আইনমন্ত্রী মুস্তাফা মোহাম্মদ আল জলিল প্রথম দিকেই গাদ্দাফির আনুগত্য ত্যাগ করেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী বিভিন্ন দেশে নিযুক্ত অনেক লিবীয় কূটনীতিক দেশটি রক্তপাতের প্রতিবাদে পদত্যাগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪১ ঘ.