২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটেনে জেরার মুখে মুসা

দেশ থেকে পালিয়ে তিউনিসিয়া হয়ে অপ্রত্যাশিতভাবে ব্রিটেনে আশ্রয় নেওয়া লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসাকে জিজ্ঞাসাবাদ করছেন ব্রিটিশ কর্মকর্তারা। তাকে বিচার থেকে রেহাই দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2011, 03:06 PM

Updated : 24 Aug 2022, 02:47 PM

লন্ডন, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দেশ থেকে পালিয়ে তিউনিসিয়া হয়ে অপ্রত্যাশিতভাবে ব্রিটেনে আশ্রয় নেওয়া লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মুসা কুসাকে জিজ্ঞাসাবাদ করছেন ব্রিটিশ কর্মকর্তারা। তাকে বিচার থেকে রেহাই দেওয়া হয়নি বলে জানিয়েছে ব্রিটেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ মুসার পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় গাদ্দাফি প্রসাশন ভেতর থেকে ভেঙে পড়ার প্রমাণ স্পষ্ট। মুসা কুসা লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান এবং কর্নেল গাদ্দাফির ঘনিষ্ঠজন। গাদ্দাফি বাহিনী লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল থেকে বিদ্রোহীদের হঠানোর পর মুসা স্বপক্ষ ত্যাগ করলেন। মুসা স্বেচ্ছায় বুধবার রাতে ব্রিটেনে পৌঁছান এবং জানান, তিনি আর লিবিয়া সরকারের প্রতিনিধিত্ব করতে চান না। মুসার এ স্বপক্ষ ত্যাগে অনুপ্রাণিত হয়ে গাদ্দাফির ঘনিষ্ঠ অন্যান্যদেরও একই পথে হাটার আহ্বান জানিয়েছেন উইলিয়াম হেগ। তিনি বলেন, গাদ্দাফির এখন নিজেকে প্রশ্ন করার সময় এসেছে যে এবার কে তাকে ছেড়ে যাবে। তিনি স্পষ্টতই জানিয়ে দিয়েছেন, মুসাকে কোনো রেহাই দেওয়া হবে না। ওদিকে, স্কটল্যান্ডও লকারবি বোমা হামলার ঘটনায় মুসাকে জিজ্ঞসাবাদ করার ইচ্ছা প্রকাশ করেছে। ওই ঘটনায় নিহতদের আত্মীয়রা মুসাকে জেরা করার উচিত বলে দাবি করেছে। মুসাকে রক্ষায় কোনোরকম চুক্তি না করার জন্য তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে হুঁশিয়ারও করেছে। ১৯৮৮ সালে স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম ফ্লাইট ১০৩ বোমা মেরে উড়িয়ে দেওয়ার ঘটনার হোতা ছিলেন মুসা--এ অভিযোগের ভিত্তিতে তাকে জেরা করা উচিত বলে মনে করে তারা। ওই ঘটনা সম্পর্কে মুসা গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক গোয়েন্দা তথ্য দিতে পারবেন বলে মনে করছেন ব্রিটিশ কর্মকর্তারাও। লকারবি বোমা হামলার ঘটনায় বিমানের ২৫৯ আরোহী নিহত হয়, তাদের বেশিরভাগই আমেরিকান। আর মাটিতে নিহত হয় ১১ জন। "সে সময় মুসা ছিলেন লিবিয়ার গোয়েন্দা প্রধান। সুতরাং, হামলার ঘটনায় লিবিয়া দায়ী হলে তিনিও দায়ী", বলেছেন, লকারবি হামলায় নিহত একজনের আত্মীয় পামেলা ডিক্স। লকারবি বোমা হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০০১ সালে লিবিয়ার সাবেক এক এজেন্ট আব্দুল বাসেত আল মেগ্রাহির যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু মেগ্রাহি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে ২০০৯ সালে স্কটিশ সরকার তাকে মুক্তি দেয়। মেগ্রাহিকে মুক্ত করতে মূল ভূমিকা পাল করেছিলেন মুসা। ব্রিটেনের পুলিশ জানিয়েছে, মুসাকে ওই ঘটনায় জের করা হবে কিনা এ ব্যাপারে স্কটল্যান্ডের ক্রাউন অফিসের সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে তারা । ব্রিটেন ইতোমধ্যে মুসাকে বিচার থেকে রেহাই দেবে না বললেও ধারণা করা হচ্ছে, গাদ্দাফি সম্পর্কে মুসা গুরুত্বপূর্ণ তথ্য দিলে তাকে ছাড় দেওয়া নিয়ে চুক্তি হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫০ ঘ.