আবিদজান, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আইভরি কোস্টের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত প্রেসিডেন্ট আলাসানে ওয়াত্তারার অনুগত বাহিনী শুক্রবার আবিদজানে ল্যঁরা বাগবোর বাসভবনে হামলা করেছে।
আইভরি কোস্টের রাষ্ট্রীয় টেলিভিশনেরও নিয়ন্ত্রণ নিয়েছে তারা। ওয়াত্তারার এক মুখপাত্র একথা জানিয়েছেন।
বাগবো শিবিরের সামরিক একটি সূত্রও প্রেসিডেন্ট ভবনে ওয়াত্তারাপন্থিদের হামলার খবর নিশ্চিত করেছে। তবে বাগবো-পন্থি বাহিনী এখনো প্রতিপক্ষকে রাষ্ট্রীয় টেলিভিশন দখলে বাধা দিচ্ছে বলে জানা গেছে।
ওয়াত্তারার মুখপাত্র প্যাট্রিক আচি রয়টার্সকে বলেন, "তার বাড়িতে আক্রমণ করা হয়েছে। এটি নিশ্চিত।" প্রতিরোধের মুখেও হামলা চলছে বলে জানান তিনি।
আচি বলেন, "বাগবো হাল ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখাননি।" তিনি আরো বলেন, "আমি নিশ্চিত তিনি বাড়িতেই আছেন। অন্য কোথাও যাননি।"
বাগবো শিবিরের এক সেনা সূত্র জানিয়েছে, হামলা হয়েছে এবং বাগবোর দেহরক্ষীরা প্রতিরোধ লড়াই চালিয়ে যাচ্ছে।
রাষ্ট্রীয় টেলিভিশন রক্ষার্থেও বাগবো-পন্থি রিপাবলিকান গার্ড এবং সশস্ত্র ছাত্ররা এখনো লড়ে যাচ্ছে বলে জানান ওই সূত্র।
রাষ্ট্রীয় টেলিভিশনটি বাগবোর বাড়ির কাছেই।
বাগবোর বাড়িতে হামলার আগে ওয়াত্তারাপন্থি বাহিনী গত কয়েকদিনে বন্দর নগরী সান পেদ্রোসহ ইয়ামুসুকরো, দালোয়া এবং দুয়েকৌয়ে শহর দখল করে।
২০০২ সালের গৃহযুদ্ধের সময় থেকে আইভরি কোস্টের উত্তরাঞ্চল ওয়াত্তারাপন্থি যোদ্ধাদের দখলে রয়েছে।
স
bdnews24