লস এঞ্জেলেস, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্তনক্যান্সার ও মানুষের জীবনে এর প্রভাব নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করবেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন, ডেমি মুর এবং সঙ্গীত শিল্পী অ্যালিসিয়া কেইস।
ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক 'লাইফটাইম'-এর 'প্রোজেক্ট ফাইভ' নামের একটি প্রকল্পের আওতায় স্তনক্যান্সারের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হবে। এর মধ্যে তিনটি চলচ্চিত্র পরিচালনা করবেন অ্যানিস্টন, মুর ও কেইস।
আরেকটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা প্যাটি জেনকিনস। পঞ্চম নির্মাতা এখনো ঠিক হয়নি।
চলচ্চিত্রগুলোতে হাস্যরস ও নাটকীয়তার সাথে নারীদের জীবনে স্তনক্যান্সারের প্রভাব ও আক্রান্তদের উপলব্ধি তুলে ধরা হবে বলে জানা গেছে।
পাঁচটি চলচ্চিত্রই প্রযোজনা করছে সনি পিকচার্স টেলিভিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৩০ ঘ.
bdnews24