ইয়াঙ্গুন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারে বেসামরিক শাসনের নতুন যুগ শুরু হয়েছে বুধবার। বিলুপ্ত হয়েছে সামরিক জান্তার প্রভাবশালী রাষ্ট্রীয় শান্তি ও উন্নয়ন কাউন্সিল (এসপিডিসি)। সূচনা হয়েছে নতুন প্রশাসনের।
নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ৩০ মন্ত্রীর এ প্রশাসন আগামী ৫ বছর দেশ শাসন করবে।
নভেম্বরের বিতর্কিত নির্বাচনের পর মিয়ানমারের নতুন পার্লামেন্ট এসপিডিসি'র বিলুপ্তি অনুমোদন করে বেসামরিক প্রশাসনের পথ প্রশস্ত করেছে।
এক ঘোষণায় বলা হয়েছে, এসপিডিসি'র সব ক্ষমতা ইউনিয়ন পর্যায়ের সরকারের হাতে হস্তান্তর করা হয়েছে।
মিয়ানমারের নেতা জেনারেল থান শ'য়ের সই করা এ ঘোষণাপত্রে বলা হয়, আইনপ্রণেতারা নতুন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রীদের অনুমোদন দিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণাটি পড়ে শোনানো হয়।
তবে মিয়ানমারের নতুন মন্ত্রিসভায় সাবেক অনেক সেনা কর্মকর্তা রয়েছেন। তাদের অনেকেই আগের মন্ত্রিসভায়ও ছিলেন। তাছাড়া, নতুন ব্যবস্থায় গণতন্ত্রপন্থি শক্তির তেমন কোনো ভূমিকা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২৩২৩ ঘ.
bdnews24