২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে পরমাণুকেন্দ্রের বাইরে উচ্চমাত্রার তেজস্ক্রিয়া

জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বাইরে পানিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়া শনাক্ত হয়েছে। কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পানি বাইরে বেরোনোর ঘটনা এটাই প্রথম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2011, 04:18 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

টোকিও, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বাইরে পানিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয়া শনাক্ত হয়েছে। কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয় পানি বাইরে বেরোনোর ঘটনা এটাই প্রথম। বিদ্যুৎকেন্দ্রের দােিয়ত্ব থাকা প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের (টেপকো) এক কর্মকর্তা বলেছেন, ২ নম্বর পরমাণু চুল্লির টারবাইন ভবনের সঙ্গে যুক্ত একটি পাইপ লাইনের পানিতে তেজস্ক্রিয়া শনাক্ত হয়েছে। "তবে কেন্দ্রের বাইরে তেজস্ক্রিয়া ছড়ানোর কারণ এখনো স্পষ্ট নয়।" বিদ্যুৎকেন্দ্রের বাইরে পানিতে এ তেজস্ক্রিয়া শনাক্ত হয় সোমবার বিকালে। ১১ মার্চ ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে রাজধানী টোকিও থেকে ২৪০ কিলোমিটার উত্তরের ফুকুশিমা কেন্দ্রটি ক্ষতিগ্রস্ত হয়। কেন্দ্রটির ছয়টি চুল্লির তিনটিতে বিস্ফোরণ এবং একটিতে আগুন লাগে। ভূ-পৃষ্ঠ থেকে চার ইঞ্চি গভীরতায় থাকা পাইপ লাইনটি শেষ হয়েছে সাগর থেকে ১৮০ ফুট দূরে। পানিতে তেজষ্ক্রিয়া ছড়ানোর খবরের আগে কর্মকর্তারা বলেন, ২ নম্বর চুল্লির টারবাইন ভবনের ভূ-গর্ভস্থ কক্ষের পানিতে ঘণ্টায় এক হাজার মিলিসিভার্টস তেজস্ক্রিয়া ছড়াচ্ছে। তেজস্ক্রিয়ার এ মাত্রা স্বাভাবিক অবস্থার তুলনায় এক লাখ গুণ বেশি। এ মাত্রার তেজস্ক্রিয়ায় মানুষের শরীরের ভেতরে রক্তক্ষরণ শুরু হতে পারে। টেপকোর কর্মকর্তারা বলেন, এ তেজস্ক্রিয় পানি এখনো সাগরে যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে মাটিতে মেশার বিষয়টি নাকচ করা যাচ্ছে না। সিএনএন জানায়, জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার কর্মকর্তা হিদেহিকো নিশিয়ামা বলেন, তেজস্ক্রিয় পানি পরিবেশে ছড়িয়ে পড়ছে কি না তা এ মুহূর্তে জানা নেই। এদিকে, পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বলেছে, ওই পরমাণু কেন্দ্রের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমের ইটেট গ্রামে ঘণ্টায় ১০ মাইক্রোসিভার্টস পর্যন্ত তেজস্ক্রিয়া পাওয়া গেছে। এ মাত্রার তেজস্ক্রিয়া মানুষের জন্য বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। ওইসব এলাকার অধিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরানোর আহ্বান জানায় গ্রিনপিস। এর আগে কেন্দ্রের চারপাশের ২০ কিলোমিটার থেকে ৭০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়। ২০ থেকে ৩০ কিলোমিটার এলাকার মধ্যে এক লাখ ৩০ হাজার মানুষকে ঘরের বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়। এর আগে কেন্দ্রটি সংলগ্ন এলাকায় উৎপাদিত খাদ্যদ্রব্য ও পানিতে, টোকিওর পানিতে এবং প্রশান্ত মহাসাগরে তেজস্ক্রিয়া ধরা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২২১৫ ঘ.