২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক জান্তার সঙ্গে আলোচনা চায় সু'চির দল

মিয়ানমারে জেনারেলদের সঙ্গে আলোচনা চায় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 04:19 PM

Updated : 24 Aug 2022, 02:46 PM

ইয়াঙ্গুন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারে জেনারেলদের সঙ্গে আলোচনা চায় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে 'ভুলবোঝাবুঝি' দূর করতে রোববার এ আলোচনার ডাক দিয়েছে এনএলডি। ২,১০০ রাজবন্দির মুক্তি এবং দেশের ভবিষ্যৎ বিনির্মাণে গণতান্ত্রিক শক্তির আরো বৃহত্তর ভূমিকার জন্য এনএলডি সামরিক জান্তার সঙ্গে আবারো আলোচনায় বসার এ আহ্বান জানালো। এক বিবৃতিতে এনএলডি বলেছে, ভুলবোঝাবুঝি দূর করতে দুপক্ষের মধ্যে অবিলম্বে এ আলোচনা হওয়া চাই। এতে আরো বলা হয়, রাজনৈতিকভাবে অর্থবহ সংলাপের মধ্য দিয়ে কর্তৃপক্ষের উচিত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করা এবং সব রাজবন্দিকে নিঃশর্তে মুক্তি দেওয়া। মিয়ানমারে গত বছরের নির্বাচন বয়কট করায় এনএলডি'র কোনো রাজনৈতিক ভূমিকা নেই। গত বছরের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে সামরিক জান্তা-পন্থিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২১৭ ঘ.