২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বিক্ষোভ সহিংসতায় মোড় নিয়েছে

সরকারের কঠোর ব্যয় হ্রাসের প্রতিবাদে লন্ডনের রাজপথে বিক্ষোভ সহিংসতায় মোড় নিয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে ট্রাফালগার স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে।ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

লন্ডন, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)-সরকারের কঠোর ব্যয় হ্রাসের প্রতিবাদে লন্ডনের রাজপথে বিক্ষোভ সহিংসতায় মোড় নিয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভের এক পর্যায়ে ট্রাফালগার স্কয়ারে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩১ জন পুলিশ কর্মকর্তাসহ ৬৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেশ কিছু ব্যাংক ও বিপণীবিতানে ভাঙচুর করেছে বিক্ষোভকারীরা। ঘটনাস্থল থেকে ২০১ জনকে আটক করেছে পুলিশ। কনিবার লন্ডনের রাজপথে মিছিলে নামে লাখো বিক্ষোভকারী। তাদের উদ্দেশ্যে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা এড মিলিব্যান্ড। এ বিক্ষোভে আড়াই লাখের বেশি মানুষ যোগ দেয় বলে বিবিসিকে জানায় যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি)। সহিংসতার আশঙ্কায় আগে থেকেই সাড়ে চার হাজার পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়েছিলো। কিন্তু শেষ পর্যন্ত বিক্ষোভ সহিংসতায় গড়ালো। টিইউসি নেতারা এ সহিংসতার নিন্দা জানিয়েছেন। ২০০৩ সালে ইরাক যুদ্ধের প্রতিবাদের পর এটাই লন্ডনে সবচেয়ে বড় বিক্ষোভ বলে ধারণা করা হচ্ছে। কঠোর সরকারি ব্যয় হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, অতিরিক্ত কর আরোপ ও অবসর ভাতা সংস্কারের প্রতিবাদে বিক্ষোভ করছে জনতা। বাজেট ঘাটতি কমাতে কনজারভেটিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকার বছরে ছয়শ' ২০ কোটি পাউন্ড ব্যয় হ্রাসের পরিকল্পনা করেছে। এর আওতায় সরকারি খাতে কর্মী ছাটাইয়ের পরিকল্পনা রয়েছে সরকারের। ব্রিটিশি পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির প্রধান এড মিলিব্যান্ড লন্ডনের হাইড পার্কে বিক্ষোভকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, টোরিরা বলেছে আমার আসা ও কথা বলা উচিত নয়; কিন্তু আপনাদের পাশে দাঁড়াতে পেরে আমি গর্বিত। টিইউসির সাধারণ সম্পাদক ব্রেন্ডান বারবার বলেন, আমরা সংঘবদ্ধ ও শক্তিশালী-এ কথাটি সরকারকে জানাতে আমরা এখানে এসেছি। "এ নির্মম ব্যয় হ্রাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। আমরা তাদেরকে জনগণের সেবা, চাকরি ও জীবন ধ্বংস করতে দেবো না।" বিক্ষোভে অংশ নেওয়া সরকারি কর্মকর্তা পিটার কিটস (৫৪) বিবিসিকে বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা যেভাবে গরীব মানুষকে আঘাত করছি তা অন্যায়। ক্রিস্টিন নুজেন্ট নামের আরেক বিক্ষোভকারী বলেন, বিক্ষোভের বিস্তৃতি ও মাত্রা বিশাল। সব ধরনের মানুষ বিক্ষোভে অংশ নিয়েছে। বিবিসি জানায়, বিক্ষোভে পরিবারের সদস্যদের নিয়ে অনেক বয়সী মানুষও যোগ দেয়। হাজার হাজার বিক্ষোভকারী ড্রাম, বাঁশি বাজিয়ে এবং ব্যয় হ্রাসের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে ট্রাফালগার স্কয়ারের দিকে এগোয়। বিশ্ববিদ্যালয়ে বেতন বাড়ানোর প্রতিবাদে ডিসেম্বরে শিক্ষার্থীদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী সহিংসতা চালালে লন্ডনে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/এলকিউ/১৬২২ ঘ.