টোকিও, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ২ নম্বর চুল্লিতে ব্যবহৃত পানিতে স্বাভাবিক মাত্রার এক কোটি গুণ বেশি তেজস্ক্রিয়া পাওয়া গেছে।
ওই কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন (টেপকো) রোববার এ তথ্য জানিয়েছে।
তেজস্ক্রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় ওই পরমাণু চুল্লির কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন টেপকোর এক কর্মকর্তা।
টেপকো জানায়, ২ নম্বর চুল্লি থেকে বেরিয়ে আসা পানিতে তেজস্ক্রিয়ার মাত্রা ঘণ্টায় ১ হাজার মিলিসিভার্টস যা স্বাভাবিক অবস্থার তুলনায় এক কোটি গুণ বেশি।
টেপকোর এক মুখপাত্র বলেন, "আমরা এর কারণ বের করার চেষ্টা করছি। কিন্তু উচ্চমাত্রার তেজস্ক্রিয়ার কারণে সেখানে কোনো কাজ করা যাচ্ছে না।
"চুল্লির পানিতে উচ্চমাত্রার তেজস্ক্রিয় সিজিয়াম ও অন্যান্য উপাদান পাওয়া গেছে যেগুলো পরমাণু চুল্লিতে ব্যবহৃত পানিতে থাকার কথা নয়। চুল্লির জ্বালানি রডগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করছি আমরা।"
ফুকুশিমা কেন্দ্রের ছয়টি চুল্লির তিনটিতে ব্যবহৃত পানিতে মাত্রাতিরিক্ত তেজস্ক্রিয়া পাওয়া গেছে। কেন্দ্র থেকে তেজস্ক্রিয়া দূষিত পানি সরানোর কাজ চলছে বলে জানিয়েছে টেপকো।
জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থা রোববার জানায়, ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের নিকটবর্তী সাগরের পানিতে স্বাভাবিক মাত্রার ১৮৫০ গুণ বেশি তেজস্ক্রিয় আয়োডিন ১৩১ পাওয়া গেছে। শনিবার তা স্বাভাবিক মাত্রার ১২৫০ গুণ বেশি ছিলো।
অবশ্য এতে সামদ্রিক জীববৈচিত্র্যের জন্য তেমন কোনো হুমকি সৃষ্টি হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
জাপানের পরমাণু ও শিল্প নিরাপত্তা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা হিদেহিকো নিসায়ামা বলেন, "তেজস্ক্রিয় উপাদান সাগরের পানির স্রোতে ভেঙে দুর্বল হয়ে পড়বে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্যে তেমন কোনো প্রভাব পড়বে না।"
আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক ইউকিও আমানো বলেছেন, জাপানের এ পরমাণু সংকট কয়েক মাস ধরে চলতে পারে।
নিউ ইয়র্ক টাইমসকে তিনি বলেন, দুর্ঘটনাটি সামাল দিতে এখনো অনেক কাজ বাকি রয়েছে জাপানের।
১১ মার্চের ৮ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় রাজধানী টোকিওর ২৪০ কিলোমিটার উত্তরের ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির তিনটি চুল্লিতে বিস্ফোরণ ঘটে এবং একটি আগুন লাগে। তখন থেকে চুল্লিটি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/এমআই/জেকে/১৭৫৮ ঘ.
bdnews24