অটোয়া, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কানাডায় প্রধানমন্ত্রী স্টিফেন হার্পারের নেতৃত্বাধীন রক্ষণশীল সরকারের পতন ঘটেছে। শুক্রবার পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ায় সরকারের পতন হয়।
হাউজ অব কমন্সে লিবারেল পার্টির নেতা মাইকেল ইগনাটিয়েফের তোলা সরকারের ওপর অনাস্থা প্রস্তাবটি ১৫৬-১৪৫ ভোটে পাস হয়। লিবারেল পার্টির এমপিরা ছাড়াও অন্য দুটি বিরোধী দলের সদস্যরা প্রস্তাবটির পক্ষে ভোট দেয়।
শনিবার হার্পার পার্লামেন্ট ভেঙে দেওয়ার জন্য গর্ভনরের প্রতি অনুরোধ জানাবেন।
সরকার পতনের ফলে কমপক্ষে ৩৬ দিন নির্বাচনী প্রচারের সুযোগ দিয়ে নতুন নির্বাচনের দিন নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকরা মনে করছেন, আগামী মে মাসের প্রথম সপ্তাহেই নির্বাচন হতে পারে।
কর্পোরেট কর হ্রাস, স্টিলথ জঙ্গিবিমান ক্রয়ের পরিকল্পনা এবং অপরাধ দমন কর্মসূচির সম্পূর্ণ ব্যয় সম্পর্কিত তথ্য প্রকাশ না করে হার্পার সরকার বেআইনি কাজ করেছে বলে অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে বিরোধী দলগুলোর সমন্বয়ে গঠিত একটি পার্লামেন্টারি কমিটির তদন্তের পর এ অনাস্থা ভোট হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এএইচ/কেএমএস/১৭৫৮ ঘ.
bdnews24