২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজদাবিয়াহর নিয়ন্ত্রণ নিচ্ছে বিদ্রোহীরা

লিবিয়ার পূর্বাঞ্চলে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর আজদাবিয়াহতে ঢুকেছে বিদ্রোহীরা। এটি গাদ্দাফি অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিলো। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2011, 05:21 AM

Updated : 24 Aug 2022, 02:46 PM

বেনগাজি, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার পূর্বাঞ্চলে কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ শহর আজদাবিয়াহতে ঢুকেছে বিদ্রোহীরা। এটি গাদ্দাফি অনুগত বাহিনীর নিয়ন্ত্রণে ছিলো। শুক্রবার ভোরে শহরটিকে ঘিরে থাকা ট্যাঙ্ক ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে বোমাহামলা চালায় পশ্চিমা যুদ্ধবিমান। আর তার পরই শহরে ঢুকতে শুরু করে বিদ্রোহীরা। আজদাবিয়াহর নিয়ন্ত্রণ যেন বিদ্রোহীরা নিতে পারে সে লক্ষ্যেই এই হামলা চালানো হয়। বিদ্রোহীরা জানিয়েছে, তারা শুক্রবার পূর্বদিক থেকে আজদাবিয়াহ শহরে ঢুকেছে। তুমুল লড়াই শেষে গাদ্দাফিপন্থী অনেক যোদ্ধাকে আটক করা হয়েছে। আল জাজিরা জানায়, লিবীয় বাহিনী পিছু হটে গিয়ে শহরটির পশ্চিমাঞ্চলে অবস্থান নিয়েছে। এর আগে পুরো শহরটি সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে ছিলো। এদিকে আফ্রিকান ইউনিয়ন (এইউ) জানিয়েছে, যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার আয়োজন করা যায় কি না সে ব্যাপারে পরিকল্পনা করছে। কিন্তু ন্যাটো জানিয়েছে, তাদের অভিযান তিন মাস চলতে পারে। শিগগিরই অভিযান শেষ হবে না বলে জানায় ফ্রান্স। ত্রিপোলিতে শনিবার ভোরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর ফলে যুদ্ধবিমান থেকে নতুন করে হামলার আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি তার সমর্থক স্বেচ্ছাসেবীদের অস্ত্র দিচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা। বিবিসি এ খবর জানিয়েছে। ভাইস অ্যাডমিরাল উইলিয়াম গোর্টনে বলেন, "গাদ্দাফির আকাশ প্রতিরক্ষার কোনো শক্তি নেই। তার অনুগত বাহিনীর আর যুদ্ধক্ষেত্রে লড়াই চালানোর ক্ষমতা নেই। পূর্বাঞ্চলীয় শহর আজদাবিয়াহ ঘিরে অবস্থান নেওয়া লিবীয় বাহিনীর ট্যাঙ্ক ও অস্ত্রভাণ্ডার লক্ষ করে বিমান হামলা চালিয়েছে যৌথবাহিনী।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৫ ঘ.