সানা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ'র পদত্যাগের দাবিতে শুক্রবার রাজধানী সানায় তার প্রাসাদের সামনে বিক্ষোভমিছিলের ডাক দিয়েছে বিরোধী দলগুলো।
মঙ্গলবার বিরোধীদলের মুখপাত্র মোহাম্মদ কাহতান আল-জাজিরা টেলিভিশনে বলেন, শুক্রবারের গণবিক্ষোভে জনতা আপনি যেখানে আছেন সেখানেই যাবে এবং আপনাকে উৎখাত করবে।
প্রেসিডেন্ট সালেহ এর আগে সামরিক কমান্ডারদের হুঁশিয়ার করে বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চালালে দেশে গৃহযুদ্ধ বাধবে। এ বছরের শেষে নির্বাচনের পর ক্ষমতা ছাড়ারও প্রস্তাব দেন তিনি।
কিন্তু তার এ প্রস্তাব উপেক্ষা করে শুক্রবার গণবিক্ষোভে নামার এ ডাক এলো।
গত শুক্রবার রাজধানী সানায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংতায় ৫০ জন নিহত হওয়ার প্রতিবাদে ইতোমধ্যেই বিক্ষোভকারীদের পক্ষ নিয়েছেন সেনা কর্মকর্তারা।
পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া সালেহ রোববার মন্ত্রিপরিষদ ভেঙে দেন।
তিউনিসিয়ার সফল গণবিক্ষোভে অনুপ্রাণিত হয়ে জানুয়ারির শেষদিকে প্রেসিডেন্ট সালেহর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএন/এলকিউ/২০৩৩ ঘ.
bdnews24