২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানে ভূমিকম্প-সুনামিক্ষয়ক্ষতির মাত্রা আগের সব ছাড়িয়েছে

ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি ডলার বলে প্রাথমিকভাবে হিসাব করেছে জাপান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেবে এটাই সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 07:21 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

টোকিও, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্প ও সুনামিতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ হাজার কোটি ডলার বলে প্রাথমিকভাবে হিসাব করেছে জাপান। প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণের হিসেবে এটাই সর্বোচ্চ বলে মনে করা হচ্ছে। গত ১১ মার্চ ৯ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং এর ফলে সৃষ্ট সুনামিতে লণ্ডভণ্ড হয় জাপানের উত্তর-পূর্বাঞ্চল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে সমস্যা দেখা দেওয়ায় ঝুঁকি ও ক্ষতির পরিমাণ আরো বাড়ে। সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার জাপানি সংবাদপত্র নিকি-তে ছাপা এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বস্তুগত ক্ষয়ক্ষতির একটি হিসাব করা হয়েছে। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০০ কোটি ডলার থেকে ৩০ হাজার ৮০০ কোটি ডলার। হিসাবে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি, কলকারখানা এবং অন্যান্য অবকাঠামোগত ক্ষতি হিসাব করা হয়েছে। এ হিসাবই আগের ভয়াবহ দুর্যোগের সব ক্ষতিকে ছাপিয়ে গেছে। ১৯৯৫ সালে জাপানেরই কোবে শহরে সংঘটিত ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ ছিলো ১০ হাজার কোটি ডলার। বর্তমান হিসাবের সর্বোচ্চ অঙ্কটি জাপানের জিডিপির প্রায় ৬ শতাংশের সমান। জাপান বর্তমানে পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। ২০০৪ সালে প্রলয়ঙ্করী সুনামিতে ক্ষয়ক্ষতির আর্থিক মূল্য ছিলো ১ হাজার কোটি ডলার। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্পের পর সৃষ্ট সুনামিতে অন্তত ১৪টি দেশের ২ লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। জাপানে এবারের ভূমিকম্প ও সুনামিতে এ পর্যন্ত প্রায় ২২ হাজার মানুষ নিহত বা নিখোঁজ। ঘর হারিয়েছে ৩ লাখ ৫০ হাজার মানুষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বিপর্যয়কে জাপানের সবচেয়ে বড় বিপর্যয় বলে ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১৩২০ ঘ.