২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাসের আস্তাকুঁড়ে যাবে পশ্চিমারা: গাদ্দাফি

লিবিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কয়েকটি দেশের সামরিক অভিযানের মধ্যেই দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, হামলাকারী পশ্চিমা শক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2011, 04:41 AM

Updated : 24 Aug 2022, 02:45 PM

ত্রিপোলি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় যুক্তরাষ্ট্র, ফ্রান্সসহ কয়েকটি দেশের সামরিক অভিযানের মধ্যেই দেশটির শাসক মুয়াম্মার গাদ্দাফি বলেছেন, হামলাকারী পশ্চিমা শক্তিগুলো ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। বুধবার ভোরে ত্রিপোলিতে নিজের দুর্গে সমর্থকদের উদ্দেশে গাদ্দাফি বলেন, "আমরা কোনোভাবেই নতি স্বীকার করবো না। বরং হামলাকারীদের হারাবো, যে কোনো মূল্যে। "যুদ্ধের জন্য আমরা তৈরি, তা স্বল্প সময়ের জন্য হোক কিংবা দীর্ঘ সময়ের জন্য। তবে শেষ পর্যন্ত জয় হবে আমাদেরই।" "এক দল ফ্যাসিবাদী আজ আমাদের ওপর হামলা চালাচ্ছে। তারে স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে", বলেন গাদ্দাফি। পশ্চিমা বিমান হামলা থেকে রক্ষায় সমর্থকরা গাদ্দাফির দুর্গের চারপাশে মানবপ্রাচীর তৈরি করেছে। সে সব সমর্থকদের উদ্দেশে দেওয়া গাদ্দাফির এ ভাষণ রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়। লিবিয়া সরকার দাবি করছে, শুধু হামলার শিকার হলে আত্মরক্ষা করছে তাদের সেনাবাহিনী, তবে কোনো ধরনের অবৈধ বা অন্যায় হামলা চালাচ্ছে না তারা। তবে বিদ্রোহী ও অন্যান্য বেসামরিক লিবীয়রা জানায়, গাদ্দাফি বাহিনী মিসরাটা শহরে বোমাবর্ষণ করেই চলেছে। সোমবার হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানায় তারা। তিউনিসিয়ার সীমান্তে অবস্থিত ছোট শহর জিনতানেও গাদ্দাফি বাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিদ্রোহীরা কোণঠাসা মিসরাটা শহরে পানির সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। খাবারের মজুদও শেষ হয়ে আসছে। স্থানীয় হাসপাতালে হতাহতদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। স্থানীয় হাসপাতালের এক বিবৃতিতে জানানো হয়, সেখানকার অবস্থা বিপর্যস্ত। হতাহতদের চিকিৎসার কাজ চালিয়ে নিতে মানুষের শারিরীক ক্ষমতার শেষ সীমায় পৌঁছেছেন চিকিৎসাকর্মীরা। হতাহতদের অনেকে গোলাগুলি ও চোরাগোপ্তা হামলার কারণে হাসপাতাল পর্যন্ত পৌঁছাতেও পারেনি। পূর্ব লিবিয়ায় আজদাবিয়াহর কাছে বিদ্রোহীদের দমিয়ে রেখেছে সরকারি বাহিনী। তবে এ শহর থেকে আর কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। সরকারি বাহিনীর ট্যাঙ্ক ও বোমা হামলা থেকে বাঁচতে বিভিন্ন স্থানে লুকিয়ে আছে বিদ্রোহীরা। মূলত সেসব জায়গায় ভারী অস্ত্রশস্ত্র, নেতৃত্ব, যোগাযোগ, এমনকি পরিকল্পনাবিহীনভাবে আটকা পড়েছে তারা। দেশের পশ্চিমাঞ্চলে বিদ্রোহী বাহিনী খুব একটি সক্রিয় নয়। তবে বিদ্রোহী বাহিনীর জন্য রাজধানী ত্রিপোলি দখল করে নেওয়াটা বেশ কঠিন হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে। ন্যাটোর চুক্তি লিবিয়ার বেসামরিকদের রক্ষায় জাতিসংঘ সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার পরে এ পর্যন্ত পশ্চিমা যুদ্ধবিমানগুলো লিবিয়ার উপর প্রায় ৩০০ বোমা, ১৬২টি টমাহক ক্রুজ মিসাইল হামলা করেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, লিবিয়ায় (নো ফ্লাই জোন) কার্যকর করার লক্ষ্য শিগগিরই অর্জন করবে তারা। তবে লিবিয়ার জনগণের জন্য গাদ্দাফি এখনো বিপজ্জনক। লিবিয়া সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার কাজে যুক্তরাষ্ট্র সমর্থন দিয়ে যাবে জানিয়ে ওবামা বলেন, তবে আমরা এ অভিযানের নেতৃত্বে থাকবো না। লিবিয়া অভিযানের জন্য প্রয়োজনীয় অর্থ ও সময় যুক্তরাষ্ট্র ব্যয় করবে কি না, এ প্রশ্ন ওঠায় নো ফ্লাই জোন কার্যকর করার এ অভিযানের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছে তারা। নো ফ্লাই জোন কার্যকর করার ক্ষেত্রে ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার বিষয়ে একমত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি। তবে আরব বিশ্বের সমর্থন হারানোর ভয়ে ন্যাটোর আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেয় ফ্রান্স। ইতোমধ্যেই পশ্চিমাদের বিমান হামলা জাতিসংঘের অনুমোদনের সীমালঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছে তুরস্কও। কূটনীতিকরা জানান, এ অভিযানে ন্যাটোর নেতৃত্ব পরিকল্পনা অনুযায়ী একটি পরিচালক পর্ষদের নেতৃত্বে পশ্চিমা ও আরব দেশগুলো যৌথভাবে এ অভিযান চালানোর কথা। লিবিয়ার বিরুদ্ধে এটাই প্রথম সম্মিলিত কোনো সামরিক পদক্ষেপ। এদিকে কাতার থেকে আরো চারটি এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ২৪টি যুদ্ধবিমান ক্রিট দ্বীপ থেকে সিসিলিতে অগ্রবর্তী ঘাঁটিতে রওনা দেওয়ার কথা রয়েছে। অন্যান্য আরব দেশগুলোও নো ফ্লাই জোন কার্যকর করার জন্য এগিয়ে আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। এদিকে সংবাদ সংস্থা গেটি জানিয়েছে, গেটির আলোকচিত্রীসহ লিবিয়ায় নিখোঁজ হওয়া তিন সাংবাদিকের মুক্তির আদেশ দিয়েছে লিবিয়া। এর আগে মঙ্গলবার লিবীয় বাহিনীর হাতে আটক হওয়া নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিককে মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.