ধর্মশালা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার অবসরের প্রস্তুতি চলছে নির্বাসিত তিব্বত সরকারের পার্লামেন্টে।
দালাই লামার কাছ থেকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে ইতোমধ্যেই।
বিশ্বব্যাপী ৮৩ হাজার নির্বাসিত তিব্বতি নতুন নেতা নির্বাচনের জন্য ভোট দেওয়ার পর পার্লামেন্ট এ পদক্ষেপ নিলো।
ভারতের ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকারের প্রধানমন্ত্রী শ্যামধোং রিনপোচে বলেছেন, "ক্ষমতা হস্তান্তরের বিষয়টি নিয়ে শলাপরামর্শ করার জন্য আমরা ছোট্ট একটি কমিটি গঠন করেছি।"
"সোমবার বিকালেই কমিটির বৈঠক হবে। সম্মানিত স্পিকার পার্লামেন্টকে এ ব্যাপারে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দিয়েছেন।"
পার্লামেন্টের এ উদ্যোগ থেকে আইনপ্রণেতাদের বিরোধিতার মুখেও দালাই লামার নেতৃত্ব ছাড়ার পথ সুগম হওয়ার আভাস পাওয়া যাচ্ছে।
তিব্বত আন্দোলনের অগ্রভাগে থাকা ৭৫ বছর বয়সী দালাই লামার নেতৃত্ব ছাড়ার ঘোষণায় অনেকেই মর্মাহত।
বিডিনিউজিটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩২ ঘ.
bdnews24