টোকিও, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপানের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয়ের কারণে খাদ্যে মারাত্মক তেজস্ক্রিয়ার আশঙ্কা প্রকাশ করে 'পরিস্থিতি গুরুতর' বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচও'র এ ঘোষণায় চাপা পড়ে গেছে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র সারানোর কাজে অগ্রগতির খবর।
ইতিমধ্যেই এ প্রকল্পের কাছাকাছি সরবরাহের পানিতে তেজস্ক্রিয় আয়োডিন পাওয়ায় ওইসব এলাকায় বসবাসকারীদের এ পানি খেতে নিষেধ করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।
এছাড়া কাঁচা সব্জি ও দুধে সামান্য পরিমাণ তেজস্ক্রিয়তার খবরে সেগুলো ধ্বংস করা হয়েছে। তবে সরকার বলছে এর পরিমাণ বিপজ্জনক ছিলো না।
ডব্লিউএইচও'র পশ্চিম প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের ম্যানিলাভিত্তিক আঞ্চলিক কার্যালয়ের মুখপাত্র পিটার করডিংলি বলেন, পরিষ্কারভাবেই পরিস্থিতি গুরুতর ।
প্রথম দিকে আমরা মনে করেছিলাম তেজস্ক্রিয়ার ঘটনা মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। কিন্তু এখন তেজস্ক্রিয়া আরো বেশি জায়গা জুড়ে ছড়িয়ে পড়ছে।
এরই মধ্যে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের তিনটি পরমাণু চুল্লিতে বিদ্যুৎ সংযোগ পূর্বাবস্থায় ফিরিয়ে আনার খবর পাওয়া গেছে। অন্য আরো তিনটি চুল্লির সংযোগ জোড়া দিয়েছেন প্রকৌশলীরা। এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত কেন্দ্রটির পানি সরবরাহের পাম্পগুলোর মধ্যে ৩ নাম্বার চুল্লির বিপরীত দিকের পাম্পটি চালু হয়েছে।
১০দিন পর এই প্রথম কেন্দ্রটি সচল করায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চেরনোবিল দুর্ঘটনার পর গত ২৫ বছরে বিশ্বে এটিই সবচেয়ে শোচনীয় পারমাণবিক দুর্ঘটনা।
এই অগ্রগতির পরও সোমবার পর্যন্ত পরমাণু কেন্দ্রটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল।
জাপানের পরমাণু নিরাপত্তা সংস্থা জানিয়েছে, ৩ নাম্বার চুল্লিতে চাপ বৃদ্ধি পাচ্ছে। চুল্লিটিতে অতি বিষাক্ত প্লুটোনিয়াম আছে। এই প্লুটোনিয়াম চুল্লিটি থেকে বের হওয়া বাষ্পের সাথে বের হয়ে আসতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এবি/এলকিউ/১৫৫২ ঘ.
bdnews24