জাপান, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- জাপানে মৃতের সংখ্যা নতুন করে বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ৯ দিন আগের ভূমিকম্প এবং সুনামিতে কেবলমাত্র মিয়াগি এলাকাতেই ১৫ হাজার মানুষ মারা গিয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
জাপানে ভয়াবহ ওই প্রাকৃতিক দুর্যোগে নিহতের সংখ্যা সরকারি হিসাবে ৮ হাজার ১৩৩ জনে দাঁড়ানোর পর পুলিশ এ আশঙ্কা প্রকাশ করলো। ১২ হাজার ২শ ৭২ জন এখনো নিখোঁজ রয়েছে।
ভূমিকম্প, সুনামিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মিয়াগিতে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উত্তর ও দক্ষিণাঞ্চলে নিহত হাজার হাজার মানুষ এর অন্তর্ভুক্ত নয়।
এ থেকে পরিস্কার যে, জাপানের দুর্যোগে অবশেষে নিহতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে।
তবে নিহতের সংখ্যা বাড়ার এ আশঙ্কার মধ্যেও লোকজনকে জীবিত পাওয়ার আশা জিইয়ে রেখেছে ইসিনোমাকি শহরে ৮০ বছরের এক বৃদ্ধা ও তার ১৬ বছর বয়সী নাতিকে জীবিত উদ্ধারের ঘটনা।
রোববার ইসিনোমাকি শহরের একটি বাড়ির ধ্বংসস্তুপ থেকে জীবিত উদ্ধার করা হয় তাদের।
এর আগে ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রে বিপর্যয় রোধের প্রচেষ্টায় কিছুটা সাফল্য পেয়েছে জাপান। তবে পরমাণু চুল্লির শতিলীকরণ যন্ত্রে বিদ্যুৎ সরবরাহের চেষ্টা এখনো চলছে।
ওদিকে, বহু দেশ জাপানের দুর্গতদের জন্য সাহায্য সরবরাহের প্রতিশ্র"তি দিয়েছে। তবে এর খুব কম সহায়তাই দুর্গত এলাকায় পৌঁছাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০০ঘ.
bdnews24