বেইজিং, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে চীন। একইসঙ্গে উত্তর আফ্রিকার দেশটিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনার তাগিদ দিয়েছে তারা।
শনিবার পশ্চিমা শক্তিগুলো লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর প্রতিক্রিয়ায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলে, "লিবিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে চীন এবং সেখানে সামরিক অভিযানের নিন্দা জানাচ্ছে চীন সরকার।"
লিবিয়ায় যত দ্রুত সম্ভব স্থিতিশীলতা ফেরারও প্রত্যাশা করে চীন।
বিবৃতিতে বলা হয়, "লিবিয়া দ্রুতই স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারবে বলে আমরা প্রত্যাশা করছি।"
লিবিয়ায় সামরিক অভিযান দ্রুতই শেষ হবে এবং তা ব্যাপক বেসামরিক নাগরিকের হতাহতের কারণ হবে না বলেও আশা করছে বেইজিং।
গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে লিবিয়ায় নো ফ্লাই জোন ও সামরিক অভিযান চালনোর প্রস্তাব পাস হওয়ার পর শনিবার লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, কানাডা ও কাতার।
তবে নিরাপত্তা পরিষদে লিবিয়া নিয়ে ভোটাভুটির সময় ভোট দানে বিরত থাকে ভেটো প্রদানের ক্ষমতাসম্পন্ন চীন। প্রস্তাবটি পরিষদে ১০-০ ভোটে পাস হয়।
লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে বিক্ষোভে যোগ দেওয়া বাহিনীর বিরুদ্ধে লিবিয়ার নিরাপত্তা বাহিনীর হামলা ঠেকানোই ছিলো জাতিসংঘ প্রস্তাবের মূল লক্ষ্য।
লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, শনিবার রাতের হামলায় ৪৮ জন নিহত ও ১৫০ জন আহত হয়েছে।
পশ্চিমাদের ইরাক অভিযানের আট বছর পূর্ণ হওয়ার এক ঘণ্টারও কম সময় আগে লিবিয়া অভিযান শুরু হলো।
২০০৩ সালের ২০ মার্চ যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর ইরাকে অভিযান চালানোর পর এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১২৫৫ ঘ.
bdnews24