কায়রো, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইনসভা ও প্রেসিডেন্ট নির্বাচনের সাংবিধানিক ভিত্তি তৈরি করতে সংবিধান সংশোধনের জন্য শনিবার মিশরে গণভোট হচ্ছে।
গণবিক্ষোভের মুখে দীর্ঘদিনের প্রেসিডেন্ট হোসনি মোবারকের পদত্যাগের পর মিশরে এটাই প্রথম ভোট।
তবে এই গণভোট নিয়ে দ্বিধা বিভক্ত হয়ে পড়েছে দেশটির সংস্কারবাদী আন্দোলনকারীরা। তাদের একটি অংশ সংবিধান সংশোধনের পক্ষে। অন্যপক্ষ সম্পূর্ণ নতুন সংবিধান তৈরির
দাবি জানিয়েছে।
মুসলিম ব্রাদারহুডসহ অন্যান্য ইসলামিক দলগুলো বলছে, প্রয়োজনীয় সংশোধন করে বর্তমান সংবিধানটিই বহাল রাখা উচিৎ।
অন্যদিকে অন্যান্য বিরোধীদল এবং মোহাম্মদ এলবারাদি ও আমর মুসার মতো প্রেসিডেন্ট পদপ্রার্থীরা পুরনো সংবিধান বাতিল করে নতুন সংবিধান রচনার পক্ষে অবস্থান নিয়েছেন।
৮ কোটি মানুষের দেশ মিশরে সাড়ে ৪ কোটি ভোটার শনিবারের নির্ভাচনে ভোট দিচ্ছে। পুলিশকে সাহায্য করতে মাঠে নামানো হয়েছে ৩৭ হাজার সেনা সদস্য।
আগামী সেপ্টেম্বর মাসে মিশরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর হবে প্রেসিডেন্ট নির্বাচন।
মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমইএনএ জানায়, ইউরোপীয় পার্লামেন্টের ১৪ জন সদস্য এই গণভোট পর্যবেক্ষণ করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৫৪৩ ঘ.
bdnews24