টোকিও, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে সুনামি বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎকেন্দ্রের বাইরের সঞ্চালন লাইনের সঙ্গে ভেতরের রিসিভিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে।
কয়েকবারের চেষ্টোয় শনিবার প্রকৌশলীরা সংযোগ পুনঃস্থাপনে সফল হন।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানির এক বিবৃতিতে বলা হয়, বাইরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সঙ্গে রিসিভিং পয়েন্টের সংযোগ পুনর্স্থাপন করা সম্ভব হওয়ায় এখন কেন্দ্রের পানির পাম্প সচল করা যাবে। আর এর মাধ্যমে চুল্লি ঠাণ্ডা রাখা সম্ভব হবে।
এদিকে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, পরমাণু কেন্দ্র এলাকা থেকে সরিয়ে নেওয়া মানুষের দেহে আয়োডিন দেওয়ার সুপারিশ অনুমোদন করেছে জাপান কর্তৃপক্ষ।
গত ১৬ মার্চ সংস্থাটি জাপানের পরমাণু নিরাপত্তা কমিশনের কাছে মানবদেহে তেজস্ক্রিয়তার কারণে ক্যান্সার প্রতিরোধে আয়োডিন দেওয়ার আহ্বান জানিয়েছিলো।
ভূমিকম্পের পর সুনামি আঘাত হানার পর থেকে ফুকুশিমা পরমাণু কেন্দ্রের ছয়টি চুল্লির মধ্যে তিনটিতে বিস্ফোরণ এবং একটিতে আগুন লেগে যায়। এর পর থেকেই হেলিকপ্টারে করে জলাধারে পানি ঢালা হচ্ছে। তবে এ প্রক্রিয়ায় যেটুকু পানি ঢালা হচ্ছে তা চুল্লির তাপে দ্রুতই বাষ্প হয়ে যাওয়ায় শুক্রবার পর্যন্ত চুল্লির তেজস্ক্রিয়তা ছড়ানো বন্ধে খুব একটা অগ্রগতি আসেনি।
শুক্রবার কর্মকর্তারা কমপক্ষে দুটি চুল্লির জলাধারে পানি সরবরাহের জন্য পাম্প চালু করতে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের সম্ভাবনার কথা জানিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৩৩৭ ঘ.
bdnews24