ইসলামাবাদ, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান হামলায় ক্ষুব্ধ পাকিস্তান শুক্রবার বলেছে, এ মাসের শেষ দিকে অনুষ্ঠেয় আফগানিস্তান বিষয়ক বৈঠকে তারা অংশ নেবে না।
যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে ৪১ জন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানি।
এ হামলা "অযৌক্তিক এবং তা মেনে নেওয়া যায় না" বলে মন্তব্য করেন তিনি।
উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় বৃহস্পতিবার ওই ড্রোন হামলার পরদিনই এর প্রতিবাদ জানাতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে ডেকে পাঠানো হয় মার্কিন রাষ্ট্রদূত ক্যামেরন মুন্তারকে।
তার কাছে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানান পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির। তিনি মুন্তারকে এও জানিয়ে দেন যে, বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান আফগানিস্তান বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে পারবে না।
এক বিবৃতিতে একথা জানান পাকিস্তানের পররাষ্ট্রদপ্তরের এক মুখপাত্র।
যুক্তরাষ্ট্র ২৬ মার্চ ব্রাসেলসে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে বসার প্রস্তাব দিয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২২৩ ঘ.
bdnews24