নয়াদিল্লি, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ২০০৮ সালে আস্থা ভোট কেনায় সরকারের সদস্যরা জড়িত ছিলো না বলে শুক্রবার দাবি করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এ ব্যাপারে ওঠা অভিযোগের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এ ইস্যুতে পদত্যাগের দাবিও নাকচ করেন তিনি।
ভোটের বিনিময়ে ঘুষ কেলেঙ্কারি নিয়ে উইকিলিকসের গোপন নথি ফাঁসের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পদত্যাগ দাবি করে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
'দ্য হিন্দু' পত্রিকা উইকিলিকস এর ওই নথি প্রকাশ করে। এতে বলা হয়ে, কংগ্রেস পার্টি ২০০৮ সালে আস্থা ভোটে জেতার জন্য ঘুষ দিয়েছে।
কিন্তু এ অভিযোগ অস্বীকার করে মনমোহন শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষে এক বিবৃতিতে বলেন, "আস্থা ভোটের সময় কংগ্রেস পার্টি কিংবা সরকারের কেউ কোনো অবৈধ কাজে জড়িত ছিলো না.... এ অভিযোগ পুরোপুরি মিথ্যা। আমি কাউকে ভোট কেনার কোনো এখতিয়ার দেইনি।"
উইকিলিকসের প্রতিবেদন উদ্ধৃত করে 'দ্য হিন্দু' পত্রিকায় বলা হয়, ক্ষমতাসীন কংগ্রেস পার্টির এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বলেছেন, ২০০৮ সালে তারা আইনপ্রণেতাদেরকে ৫শ থেকে ৬শ মিলিয়ন রুপি (১১-১৩ মিলিয়ন ডলার) দিয়েছেন।
আইনপ্রণেতাদের সমর্থন আদায় করতে আঞ্চলিক একটি দলের ৪ আইনপ্রণেতার প্রত্যেককে ১শ মিলিয়ন রুপি করে দেওয়া হয়েছে বলে জানান ওই কংগ্রেস কর্মকর্তা।
এ কেলেঙ্কারির প্ররিপ্রেক্ষিতে বিজেপি'র প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার পার্লামেন্টের অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। শুক্রবারও কয়েক ঘন্টার জন্য পার্লামেন্ট মুলতবি রাখতে বাধ্য করেছে বিরোধীদল।
বিজেপি নেত্রী সুষমা স্বরাজ বলেন, সিং সরকার বৈধতা খুইয়েছে।
তিনি আরো বলেন, " সরকার গত তিনমাস ধরেই সমালোচনার মুখে আছে। কিন্তু এ ধাক্কা থেকে তাদের উদ্ধার পাওয়া কঠিন।"
"এ সরকার দেশ পরিচালনার সব নৈতিক দায়দায়িত্ব খুইয়েছে", বলেন তিনি।
ভারতে ইতোমধ্যেই টেলিকম কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় থাকা সরকার এ ঘটনায় নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে।
বিশ্লেষকরা বলছেন, এ কেলেঙ্কারির ঘটনা পুরোনো হওয়ায় তা সরকারের স্থিতিশীলতায় তেমন প্রভাব ফেলবে না। তবে এতে সরকারের দুর্দশা বাড়বে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24