নয়াদিল্লি, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ভোটের বিনিময়ে ঘুষ কেলেঙ্কারি নিয়ে উইকিলিকসের গোপন নথি ফাঁসের পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মনমোহন সিং এর পদত্যাগ দাবি করেছে বিরোধীদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
বিজেপি'র এ দাবির মুখে পার্লামেন্টের অধিবেশনও মুলতবি করতে বাধ্য হন স্পিকার।
ভারতের 'দ্য হিন্দু' পত্রিকা উইকিলিকস এর ওই নথি প্রকাশ করে। এতে বলা হয়েছে, কংগ্রেস পার্টি ২০০৮ সালে আস্থা ভোটে জেতার জন্য ঘুষ দিয়েছে।
উইকিলিকসের প্রতিবেদন উদ্ধৃত করে 'দ্য হিন্দু' জানায়, ক্ষমতাসীন কংগ্রেস পার্টির এক কর্মকর্তা যুক্তরাষ্ট্রের এক কূটনীতিককে বলেছেন, ২০০৮ সালে তারা আইনপ্রণেতাদেরকে ৫শ থেকে ৬শ মিলিয়ন রুপি (১১-১৩ মিলিয়ন ডলার) দিয়েছেন।
আইনপ্রণেতাদের সমর্থন আদায় করতে আঞ্চলিক একটি দলের ৪ আইনপ্রণেতার প্রত্যেককে ১শ মিলিয়ন রুপি করে দেওয়া হয়েছে বলে জানান ওই কংগ্রেস কর্মকর্তা।
এ কেলেঙ্কারির প্ররিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করে বিজেপি নেতা সুষমা স্বরাজ বলেন, সিং সরকার বৈধতা খুইয়েছে।
তিনি আরো বলেন, "সরকার গত তিনমাস ধরেই সমালোচনার মুখে আছে। কিন্তু এ ধাক্কা থেকে তাদের উদ্ধার পাওয়া কঠিন।"
"এ সরকার দেশ পরিচালনার সব নৈতিক দায়দায়িত্ব খুইয়েছে", বলেন তিনি।
ভারতে ইতোমধ্যেই টেলিকম কেলেঙ্কারি নিয়ে বেকায়দায় থাকা সরকার এ ঘটনায় নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়লো।
বিশ্লেষকরা বলছেন, এ কেলেঙ্কারির ঘটনা পুরোনো হওয়ায় তা সরকারের স্থিতিশীলতায় তেমন প্রভাব ফেলবে না। তবে এতে সরকারের দুর্দশা বাড়বে।
"সরকারের জন্য এ ঘটনা গুরুতর না হলেও বিব্রতকর বৈকি" বলেন, নয়াদিল্লির গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান আরপিজি ফাউন্ডেশনের প্রধান পাই পানাধিকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৫২ ঘ.
bdnews24