লাহোর, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে জোড়া খুনের মামলায় সিআইএ এজেন্ট রেমন্ড ডেভিসকে বুধবার খালাস দিয়েছে আদালত।
নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া নিয়ে চুক্তি হওয়ার পর ডেভিসকে মামলা থেকে অব্যাহতি দেয় লাহোর আদালত।
পাঞ্জাবের আইনমন্ত্রী রানা সানাউল্লাহ রয়টার্সকে একথা জানিয়েছেন।
তিনি বলেন, "লাহোর জেলে মামলার শুনানিতে প্রথমে ডেভিসের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। কিন্তু তারপর নিহতদের পরিবার আদালতকে জানায়, তারা ক্ষতিপূরণ 'ব্লাড মানি' গ্রহণ করে ডেভিসকে ক্ষমা করে দিয়েছে।"
"এরপরই আদালত ডেভিসকে খুনের মামলা থেকে খালাস দেয়," বলেন তিনি।
ডেভিসের মুক্তিতে পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে এ মামলাটি নিয়ে দীর্ঘদিনের কূটনৈতিক বিরোধের অবসান ঘটলো।
৩৬ বছর বয়সী সিআইএ এজেন্ট রেমন্ড ডেভিস গত ২৭ জানুয়ারিতে পাঞ্জাবে দুই পাকিস্তানিকে গুলি করে হত্যার অভিযোগে গ্রেপ্তার হন।
ডেভিস এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করলেও বলেন, ডাকাতি থেকে বাঁচতেই তিনি গুলি চালিয়েছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১০ ঘ.
bdnews24