মানামা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাহরাইনে সরকারবিরোধী শিয়া বিক্ষোভ দমন করতে সোমবার সৌদি আরবের সেনা পাঠানোর পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান।
সংখ্যাগরিষ্ঠ শিয়া বিক্ষোভ ঠেকানোয় সরকারকে সহায়তা করতে সোমবার ছয়টি দেশের আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) এর পক্ষ থেকে বাহরাইনে পৌঁছায় সৌদি আরবের ১ হাজার সেনা।
ইরান এর নিন্দা জানানোর পাশাপাশি বাহরাইনকে গণতন্ত্রপন্থি আন্দোলন শান্তিপূর্ণভাবে সামাল দেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত বলেছেন, "বিদেশি সেনার উপস্থিতি এবং বাহরাইনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। এতে জটিলতা আরো বাড়বে।"
রোববার শিয়া বিক্ষোভকারীরা পুলিশের ওপর চড়াও হওয়ার একদিন পরই বাহরাইনের অনুরোধে সৌদি আরব ১,০০০ সেনা পাঠায়। সংযুক্ত আরব আমিরাতও বাহরাইনে ৫০০ সেনার একটি দল পাঠানোর কথা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা বাহরাইনের বাদশাহর বাসভবন রিফার অভিমুখে ১৫০টি হাল্কা অস্ত্রে সজ্জিত সেনা যান, অ্যাম্বুলেন্স, জলকামান ও জীপে বহনকারী সেনাদের যেতে দেখেছেন। রিফা দেশটির সুন্নি অধ্যুষিত এলাকা।
বাহরাইনে বিদেশি সেনা পাঠানোর এ পদক্ষেপে উদ্বিগ্ন শিয়া অধ্যুষিত ইরান। যেখানে শাসকগোষ্ঠীর বেশির ভাগই সুন্নি আরব।
বিশ্লেষকরা বলছেন, সৌদি আরবের পদক্ষেপে ইরানের সঙ্গে মারাত্মক উত্তেজনা দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে সৌদি সেনাদের তৎপরতা লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা।
সৌদি আরবের শিয়া সংখ্যালঘুরা বাহরাইনের আন্দোলন বিক্ষোভে অনুপ্রাণিত হতে পারে এই আশংকায় সৌদি কর্তৃপক্ষ দ্রুত বাহরাইনের অনুরোধে সাড়া দিয়েছে বলে ধারণা করছেন তারা।
বাহরাইনের সাবেক তথ্যমন্ত্রী নাবিল আল হামের জানান, জিসিসি থেকে সেনাদল আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাহরাইনে পৌঁছেছে।
বাহরাইনের সর্ববৃহৎ শিয়া মুসলিম পার্টি ওয়েফাকসহ অন্যান্য বিরোধীদলগুলো বলেছে, উপসাগরীয় আরব বাহিনীর যে কোনো হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণা এবং দখলদারিত্বের নামান্তর।
এই পদক্ষেপ নিরস্ত্র নাগরিকদের ওপর সশস্ত্র আগ্রাসন দাবি করে বাহরাইনের জনগণকে এক অঘোষিত যুদ্ধের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা ।
বাহরাইনের গালফ ডেইলি নিউজ পত্রিকা বলেছে, জিসিসি'র বাহিনী বাহরাইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের (তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি) সুরক্ষায় নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬২৮ ঘ.
bdnews24