মানামা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গোলযোগপূর্ণ বাহরাইনে সোমবার সেনা পাঠাতে শুরু করেছে প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো। এতে ক্ষুব্ধ হয়েছে বাহরাইনের সরকার-বিরোধী বিক্ষোভকারীরা।
বিদেশি সেনার উপস্থিতি মানে দখলদারিত্ব এবং তা যুদ্ধ ঘোষণার সামিল বলে মন্তব্য করেছে তারা।
কর্মকর্তারা জানিয়েছেন, বাহরাইনের অনুরোধেই সৌদি আরবসহ উপসাগরের অন্যান্য দেশগুলো থেকে সেনা পাঠানো হচ্ছে।
সৌদি আরবের এক কর্মকর্তা সোমবার সকালেই প্রায় ১ হাজার সৌদি সেনা বাহরাইনে পৌঁছেছে বলে জানিয়েছেন।
ছয়টি দেশের আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) থেকে সেনাদের পাঠানো হচ্ছে। জিসিসি'র দেশগুলো হচ্ছে সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
বাহরাইনে রোববার সরকার বিরোধী শিয়া বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষের পরপরই আইনশৃঙ্খলা রক্ষার্থে মানামার সেনা চেয়ে পাঠানোর ডাকে এ সাড়া দিলো প্রতিবেশী দেশগুলো।
গত মাসে বাহরাইনে সরকার বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৭ বিক্ষোভকারী নিহতের ঘটনার পর রোববার বড় ধরনের সহিংসতা হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী।
বাহরাইনের সাবেক তথ্যমন্ত্রী নাবির আল হামের জানান, জিসিসি থেকে সেনাদল আইনশৃঙ্খলা রক্ষার জন্য বাহরাইনে পৌঁছেছে।
বাহরাইনের সর্ববৃহৎ শিয়া মুসলিম পার্টি ওয়েফাকসহ অন্যান্য বিরোধীদলগুলো বলেছে, উপসাগরীয় আরব বাহিনীর যে কোনো হস্তক্ষেপ যুদ্ধ ঘোষণা এবং দখলদারিত্বের নামান্তর।
বাহরাইনের গালফ ডেইলি নিউজ পত্রিকা বলেছে, জিসিসি'র বাহিনী বাহরাইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানের (তেল কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্র, ব্যাংক ও অন্যান্য অর্থিক প্রতিষ্ঠান প্রভৃতি) সুরক্ষায় নিয়োজিত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৯ ঘ.
bdnews24