লাহোর, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দুই পাকিস্তানি নাগরিককে হত্যার অভিযোগে আটক সিআইএ এজেন্ট রেমন্ড ডেভিস কূটনৈতিক ছাড় পাবেন কিনা সে প্রশ্নে রায় দিতে অস্বীকৃতি জানিয়েছে লাহোর হাইকোর্ট।
ডেভিসের অব্যাহতি প্রশ্নে সিদ্ধান্ত নিু আদালত নেবে জানিয়ে লাহোর হাইকোর্ট এ মামলা মুলতবি করেছে। বিচারিক আদালতে ডেভিসের কূটনৈতিক অব্যাহতির বিষয়টি নিষ্পত্তি করার আদেশ দেওয়া হয়েছে।
লাহোরের একটি ফৌজদারি আদালতে ওই হত্যা মামলার শুনানি চলছে।
লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ইজাজ আহমেদ চৌধুরি সোমবার তার আদেশে বলেন, "অব্যাহতির বিষয়টি নির্ধারণ করবে বিচারিক আদালত।"
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এজেন্ট ডেভিসের বিরুদ্ধে অভিযোগ, গত জানুয়ারিতে লাহোরে তিনি দুই পাকিস্তানি নাগরিককে হত্যা করেছেন।
অভিযোগ স্বীকার করে ডেভিস বলেন, আত্মরক্ষার্থে তিনি ওই হত্যা করেছেন।
অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ সাজা হিসেবে তার মৃত্যুদণ্ড হতে পারে। কূটনৈতিক ছাড়ের আওতায় ডেভিসকে মুক্তি দেওয়ার জন্য পাকিস্তানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।
কিন্তু পাকিস্তান সরকার বলছে, অব্যাহতির বিষয়টি নির্ধারণ করবে আদালত। এ নিয়ে মিত্র এ দুটি দেশের কূটনৈতিক সম্পর্কে বেশ টানাপোড়েন চলছে। ডেভিসের বিচারের দাবি জানিয়ে আসছে পাকিস্তানের সাধারণ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮৫৯ঘ.
bdnews24