ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভয়াবহ ভূমিকম্পের পরপরই সুনামির তাণ্ডবে বিশাল ক্ষয়ক্ষতি আর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার ঝুঁকিতে জাপান ২য় বিশ্বযুদ্ধের পর চরম সঙ্কটে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নাওতো কান।
রোববার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
একদিন আগে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের একটি চুল্লিতে বিস্ফোরণে পর আরেকটি চুল্লিতেও বিস্ফোরণ ঘটে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কায় আছে জাপান। ফলে ওই এলাকার পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানান কান।
তাছাড়া, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ায় খুব শিগগিরি মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটও দেখা দেবে বলে সতর্ক করেন তিনি।
কান বলেন, ফুকুশিমা ও অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে সীমিত আকারে।
সোমবার থেকে নিয়ম করে বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে বিদ্যুৎ সঙ্কট মোকাবেলার চেষ্টা নেওয়া হবে বলে জানান তিনি।
জাপানে ইতোমধ্যেই বিদ্যুৎহীন অবস্থায় লাখ লাখ মানুষ। কর্তৃপক্ষ ত্রাণ তৎপরতা জোরদার করছে। সময় অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাপক ধ্বংস ও ক্ষয়ক্ষতির চিত্র পরিস্কার হতে শুরু করেছে।
কান বলেন, ভূমিকম্প, সুনামি এবং পরমাণু প্রকল্প নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তাতে জাপান ২য় বিশ্বযুদ্ধের পর গত ৬৫ বছরের মধ্যে এ সময়টিতেই সবচেয়ে চরম সঙ্কটে পড়েছে।
তিনি বলেন, আমরা এ সঙ্কট জয় করতে পারবো কিনা তা আমাদের প্রত্যেকের ওপরই নির্ভর করছে।
"আমরা সবাই মিলে একযোগে কাজ করলে এ সঙ্কট কাটাতে পারব বলেই আমার দৃঢ় বিশ্বাস" বলেন কান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24