রাস লানুফ, লিবিয়া/কায়রো, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লিবিয়ায় বিদ্রোহীদের হটিয়ে দিয়ে রোববার তেলবন্দর শহর ব্রেগার দখল নিয়েছে গাদ্দাফি বাহিনী। প্রচণ্ড গোলাবর্ষণের মুখে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়েছে।
এনেসথেসিওলজিষ্ট ওসামা জাজুয়ি বলেন, " বিদ্রোহীরা ব্রেগা ছেড়ে গেছে। শহরটি এখন খালি।" ব্রেগা শহর সশস্ত্র বিদ্রোহী মুক্ত বলে লিবিয়ার এক সেনাসূত্রে জানানো হয়েছে রাষ্ট্রীয় টেলিভিশনে।
রোববার রাস লানুফ শহর থেকে বিদ্রোহীদের বিতাড়িত করেছে গাদ্দাফি বাহিনী। রাস লানুফের পর ব্রেগার নিয়ন্ত্রণ হারিয়ে জ্বালানি সঙ্কটে পড়েছে বিদ্রোহীরা।
"আমরা বিপদে আছি, পূর্বাঞ্চল বিপদগ্রস্ত। গাদ্দাফির অস্ত্রের সঙ্গে লোকজন পেরে উঠছে না। তাদের সাহায্য দরকার" বিদ্রোহীদের পক্ষ থেকে এ আর্জি আব্দুল হাদি ওমর নামক এক স্বেচ্ছাসেবী নাগরিকের।
পূর্বাঞ্চলে শহর পুনর্দখলের পাশাপাশি পশ্চিমাঞ্চলেও অভিযান চালাচ্ছে গাদ্দাফি বাহিনী। পশ্চিমের জাউইয়াহ শহরে বিদ্রোহ দমন করেছে সেনারা। জাউইয়ার বেশির ভাগ এলাকাই ধ্বংস হয়ে গেছে। এখন মিসরাটা শহরে অভিযানে নেমেছে সেনা ও ট্যাংক।
মিসরাটা শহরের পরিণতিও জাউইয়াহ'র মতো হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে এক বিদ্রোহী যোদ্ধা। গাদ্দাফি বাহিনীর ট্যাংক ও ভারী অস্ত্রের মুখে বিদ্রোহীদের লড়াই করার সক্ষমতা নেই বলে জানান তিনি।
লিবিয়ায় চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে ২৩ ফেব্র"য়ারি থেকে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে দেশটিতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সহিংসতা ও বিদ্রোহী বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর রক্তক্ষয়ী লড়াই চলে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২১ ঘ.
bdnews24