২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে বিক্ষোভ চলছে, গুলিতে নিহত ১

ইয়েমেনে বিক্ষোভ চলছে। রোববার রাজধানী সানায় বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2011, 12:08 PM

Updated : 24 Aug 2022, 02:41 PM

সানা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইয়েমেনে বিক্ষোভ চলছে। রোববার রাজধানী সানায় বিক্ষোভে পুলিশের গুলিতে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অসংখ্য মানুষ। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গুলি এবং টিয়ার গ্যাস ছুড়লে হতাহতের এ ঘটনা ঘটে। বেশির ভাগ মানুষই টিয়ার গ্যাসের শেল এ আহত হয়েছে। আবার কয়েকজন বুলেটবিদ্ধ হয়েও আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সানা বিশ্ববিদ্যালয়ের কাছে সংঘর্ষে আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আল জাজিরা টেলিভিশনে আহতদের হাসপাতালে চিকিৎসা নিতে দেখা গেছে। এর আগে শনিবার ভোরে রাজধানী সানায় সমবেত বিক্ষোভকারীদের ওপর পুলিশী অভিযানে দুই বিক্ষোভকারী ও এক সাধারণ নাগরিক নিহত হয়। পুলিশের গুলিতে আহত আরেকজন রোববার মারা যায়। এছাড়া পুলিশের লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপে এরই মধ্যে আহত হয়েছে তিন শতাধিক মানুষ। সহিংসতায় হতাহতের ঘটনা বাড়তে থাকার মধ্যেও রোববার নতুন করে সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী সানায় জড়ো হয় বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট আবদুল্লাহ সালেহ একের পর এক অনেক রাজনৈতিক ছাড় দিলেও বিক্ষোভকারীরা তার পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। বিরোধীপক্ষকে শান্ত হয়ে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে আমরান শহরে পাল্টা মিছিলে নেমেছে ক্ষমতাসীন দলের সমর্থকরা। শনিবার সহিংসতায় হতাহতের ঘটনার পর সরকারপন্থি ও সরকারবিরোধী দুপক্ষের এ মিছিল শুরু হয়েছে। রোববার সানা বিশ্ববিদ্যালয়ের বাইরে জড়ো হয় কয়েক হাজার মানুষ। প্রেসিডেন্ট সালেহ এর বিক্ষোভ দমনপীড়নকে ইরাকের কেমিক্যাল আলীর সঙ্গে তুলনা করে 'কেমিক্যাল আলী' লেখা ব্যানার নিয়ে বিক্ষোভ করে তারা। ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহর ৩২ বছরের শাসনাবসানের দাবিতে কয়েক সপ্তাহের বিক্ষোভে নিরাপত্তা বাহিনী ও সরকারসমর্থকদের সহিংসতায় অন্তত ৩০ জন নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০৪ ঘ.