জেরুজালেম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- অধিকৃত পশ্চিম তীরে কয়েকশ নতুন ইহুদি বসতবাড়ি নির্মাণ করবে ইসরায়েল। এ প্রকল্প ইসরায়েল ইতোমধ্যেই অনুেমাদন করেছে।
মন্ত্রণালয়ের একটি কমিটি শনিবার এ সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পশ্চিম তীরের একটি ইহুদি বসতিতে ফিলিস্তিনি হামলায় এক পরিবারের ৫ জন নিহত হওয়ার পর নতুন বসতি স্থাপনের এ ঘোষণা দিলো ইসরায়েল।
ওই ঘটনার পর ইসরায়েলিরাসহ ইহুদি বসতিগুলোর ইহুদিদের ক্ষোভের মুখে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়, মন্ত্রীরা মালে আদুমিন, আরিয়েল, কিরায়াত ও সেফার ইহুদিবসতিসহ কয়েকটি এলাকায় কয়েকশ বসতবাড়ি নির্মাণের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ইসরায়েলি সরকারের কর্মকর্তারা বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে যে কোনো শন্তিচুক্তির ক্ষেত্রে ইসরায়েল যে সমস্ত ইহুদি বসতিকে নিজেদের হাতে রাখতে চায় নতুন বসতবাড়িগুলো যে সব বসতিতেই স্থাপন করা হবে।
ইসরায়েলের এ পদক্ষেপে অচল হয়ে পড়া শান্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা দেখা দেবে বলেই মনে করা হচ্ছে। ফিলিস্তিন ইতোমধ্যেই ইসরায়েলের এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
এই সিদ্ধান্ত ভুল। এটা মেনে নেওয়া যায় না এবং এতে সমস্যা কেবলই বাড়বে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭০১ ঘ.
bdnews24