কাবুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার ন্যাটো বাহিনীর হামলায় প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের এক আত্মীয় নিহত হয়েছেন।
কান্দাহারে রাতের বেলায় ন্যাটো বাহিনীর অভিযান চলার সময় প্রেসিডেন্ট কারজাইয়ের বাবার জ্ঞাতি ভাই ইয়ার মোহম্মদ খান গুলিতে নিহত হন।
কারজাইয়ের ভাই এবং কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই একথা জানিয়েছেন।
তিনি জানান, "খানের বাড়ির কাছে ন্যাটো অভিযান চলছিলো। এ সময় তিনি বাড়ির বাইরে বেরিয়ে এলে আইএসএএফ বাহিনী ভুল করে তাকে গুলি করে হত্যা করে।"
কান্দাহারের দান্দ জেলায় খানের বাড়ি ন্যাটো বাহিনীর হামলা লক্ষ্য ছিলো না বলেও জানান ওয়ালি।
আত্মীয় এবং একই গ্রামের মানুষ হওয়ার সুবাদে খানকে ব্যক্তিগতভাবে চিনতেন হামিদ কারজাই। তার নিহত হওয়ার খবরে প্রেসিডেন্ট অত্যন্ত মর্মাহত বলে জানিয়েছেন তার এক মুখপাত্র।
আফগানিস্তানে ন্যাটো বাহিনীর হাতে একের পর এক বেসামরিক নাগরিক নিহতের ঘটনা নিয়ে ইতোমধ্যেই পশ্চিমাদের নিন্দা-সমালোচনায় সরব হয়েছেন কারজাই। তার মধ্যে নতুন করে ঘটে যাওয়া এ ঘটনা বিরোধ আরো উস্কে দিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৮ ঘ.
bdnews24