ত্রিপোলি, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই চলছে। এ পরিস্থিতির মধ্যে লিবিয়ার বিদ্রোহীদের স্বীকৃতি দিয়েছে ফ্রান্স।
বিদ্রোহীদের পরিষদ 'দ্য ন্যাশনাল লিবিয়ান কাউন্সিল' (এনএলসি) কে লিবিয়ার জনগণের বৈধ প্রতিনিধি হিসাবে ফ্রান্সই প্রথম এ স্বীকৃতি জানালো।
লিবিয়ার আকাশপথকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণা নিয়ে বৃহস্পতিবার ন্যাটো-ইইউ বৈঠক চলার মধ্যে এ পদক্ষেপ নিলো ফ্রান্স।
লিবিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে গাদ্দাফি বাহিনীর কঠোর অভিযান নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো দু'দিন ব্যাপী এ বৈঠক শুরু করেছে।
খবরে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার আরো ভেতরে প্রবেশ করে হামলা চালাচ্ছে। তেলবন্দর রাস লানুফসহ পূর্বের আরো একটি শহরে ট্যাংক থেকে গোলা হামলা চলছে। একের পর এক বিমান হামলাও চলছে।
ওদিকে, বিদ্রোহীরা পূর্বাঞ্চলে তাদের অবস্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর গানবোট হামলা ঠেকাতে সাগর অভিমুখে রকেট ছুড়ছে।
কিন্তু বিদ্রোহীদের হাত থেকে শহর পুনর্দখল করতে মরিয়া গাদ্দাফি বাহিনী পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করে সামনে এগুচ্ছে। সাঁজোয়া গাড়ি এখন এগুচ্ছে রাস লানুফে।
দুপক্ষের তুমুল লড়াইয়ের মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির কার্যালয় থেকে জানানো হয়েছে, প্যারিস এনএলসি কে লিবিয়ার জনগণের 'বৈধ প্রতিনিধি' হিসাবে স্বীকৃতি দিচ্ছে।
বেনগাজিতে রাষ্ট্রদূত পাঠানোরও সিদ্ধান্ত জানিয়েছে ফ্রান্স। বিদ্রোহীরাও প্যারিসে তাদের রাষ্ট্রদূত পাঠাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো লিবিয়ার বিরুদ্ধে একাট্টা হওয়ার চেষ্টা নিয়েছে। গাদ্দাফিকে আরো কোণঠাসা করতে লিবিয়ায় অস্ত্র বিক্রি বন্ধ করা হবে বলে জানিয়েছে রাশিয়া।
পেণ্টাগন জানিয়েছে, তারা লিবিয়ার আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণাসহ বিকল্প পথ হিসাবে সর্বাত্মক সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি নিচ্ছে।
লিবিয়া পরিস্থিতি গৃহযুদ্ধে মোড় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেডক্রস কমিটি। আহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে তারা। সাধারণ মানুষের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রেডক্রস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/২১১২ ঘ.
bdnews24