আবিদজান, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আইভরি কোস্টের রাজধানী আবিদজানে মঙ্গলবার প্রেসিডেন্ট ল্যঁরা বাগবোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবিতে বিক্ষোভ করেছে কয়েক হাজার নারী। কয়েকটি এলাকায় বিক্ষোভে গুলিও হয়েছে।
একটি বিক্ষোভস্থলের কাছে নিরাপত্তা বাহিনী ৪ জনকে গুলি করে হত্যা করে। আরেকটি বিক্ষোভ অস্ত্রধারী যুবকদের হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে, ত্রিচভিল জেলার এক শহরতলীতে একটি গীর্জার কাছে আলাসানে ওয়াত্তারাপন্থি ৪ জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এদের তিনজন যুবক এবং একজন ২১ বছর বয়সী নারী। এ ব্যাপারে বাগাবোর সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।
ওয়াত্তারা আইভরি কোস্টে নভেম্বরের নির্বাচনে বিজয়ী হিসাবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন। বাগবো তার হাতে ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে আসছেন।
জাতিসংঘ বলছে, নির্বাচন পরবর্তী সঙ্কটের কারণে ইতিমধ্যে প্রায় সাড়ে ৪ লাখ মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে। প্রায় ৯০ হাজার মানুষ প্রতিবেশী দেশ লাইবেরিয়ায় আশ্রয় নিয়েছে।
এ সঙ্কট নিয়ে ইথিওপিয়ায় আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তরে বুধবার আলোচনা হওয়ার কথা রয়েছে। আইভরি কোস্টের রাজধানীর বিভিন্ন অংশে বাগাবোর বিরুদ্ধে বিক্ষোভ হয়ে আসছে।
এক সপ্তাহ আগেই বাগাবোর প্রতিপক্ষ ওয়াত্তারার সমর্থক অধ্যুষিত এলাকা আবোবোতে নারীদের একটি মিছিলে গুলিতে ৭ জন নিহত হয়।
গত নভেম্বরে নির্বাচনে হেরে যাওয়া বাগাবোর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ করে আসছে ওয়াত্তারার সমর্থকরা। মঙ্গলবারের বিক্ষোভটিও শান্তিপূর্ণ হলেও এতে গুলি চলেছে।
গত সপ্তাহের শান্তিপূর্ণ মিছিলে গুলির প্রতিবাদেই মঙ্গলবার আবিদজানে বিক্ষোভ হয়েছে।
মিছিলে অংশ নেওয়া বার্নার্ড অউগেরা বলেন, তারা আমাদের ভয় দেখিয়ে ছত্রভঙ্গ করার জন্য ফাঁকা গুলি ছোড়া হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এলকিউ/১৮৫১ ঘ.
bdnews24