ত্রিপোলি, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--লিবিয়ায় পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের ওপর হামলা জোরদার করেছে গাদ্দাফি বাহিনী। চলছে ট্যাংক, রকেট ও বিমান হামলা।
জাউইয়া শহরের প্রধান চত্বরে বুধবার ট্যাংক এবং স্নাইপার রাইফেল নিয়ে মাঠে নেমেছে গাদ্দাফি বাহিনী। সরকার-বিরোধী বিদ্রোহীদের প্রায় কোণঠাসা করে ফেলছে তারা।
এমন কথাই জানিয়েছেন ওই শহরের অধিবাসী ও বিদ্রোহী যোদ্ধারা। টেলিফোনে এক বিদ্রোহী যোদ্ধা বলেন, "সব জায়গায়ই ট্যাংক আর ট্যাংক চোখে পড়ছে।"
আরেক অধিবাসীর উক্তি, "তারা স্নাইপার আর ট্যাংক দিয়ে মূল চত্বর ঘিরে ফেলেছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। অবস্থা অত্যন্ত ভীতিকর।"
ইব্রাহিম নামের এক বিদ্রোহী যোদ্ধা বলেন, "সরকারি বাহিনীর হামলায় শহরটি বিরান এলাকায় পরিণত হয়েছে। মারা গেছে বহু মানুষ। রাস্তায় জনমানবের চিহ্ন নেই, কোনো প্রাণী নেই, এমনকি আকাশে পাখিও চোখে পড়ছে না।"
সরকারি বাহিনীর হামলায় শহরটিতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সরকারের একজন মুখপাত্র বলেছেন, সেনারা প্রায় জাউইয়া দখল করে নিয়েছে।
তারপরও কিছু সংখ্যক যোদ্ধা এখনো রয়ে গেছে। তাদের সংখ্যা ৩০-৪০ হতে পারে বলে জানান তিনি।
লিবিয়া পরিস্থিতি নিয়ে পরবর্তী পদক্ষেপের কথা ভাবছে পশ্চিমা বিশ্ব।
বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর অবিরাম হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে। বাড়ছে শরণার্থীর সংখ্যা। আন্তর্জাতিক বিশ্বের এগিয়ে আসা উচিত এ মনোভাব দৃঢ় হচ্ছে।
কিন্তু লিবিয়ায় নিষেধাজ্ঞার পদক্ষেপ থেকে একাকী সামরিক হামলার পথে এগুনোর বিষয়টি নিয়ে অনেকেই শঙ্কায় আছে।
পশ্চিমা বিশ্ব লিবিয়ার আকাশসীমাকে উড্ডয়ন নিষিদ্ধ এলাকা জারি করার পথে এগুচ্ছে। ব্রিটেন ও ফ্রান্স ইতোমধ্যেই এ পরিকল্পনার একটি খসড়া তৈরি করেছে।
লিবিয়া পরিস্থিতি নিয়ে আলাপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।
ফোনালাপে তারা দুজনই লিবিয়ার ওপর কড়া নজরদারি, মানবিক সাহায্য, অস্ত্র নিষেধাজ্ঞা প্রয়োগ এবং উড্ডয়ন নিষিদ্ধ এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার মতো পদক্ষেপ নিতে একমত হয়েছেন।
বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর হামলা ঠেকাতে নো ফ্লাই জোন জারির বিষয়য়ে সিদ্ধান্ত নিতে জাতিসংঘ প্রস্তাবনা চাইছে ব্রিটেন এবং ফ্রান্স।
ওদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও বলেছেন, এ ধরনের জোন ঘোষণার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র নয়, জাতিসংঘকে নিতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৫১ ঘ.
bdnews24