পেশাওয়ার, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে পেশাওয়ারের কাছে বুধবার এক শেষকৃত্যের মিছিলে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। তালেবানরা এ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তান সরকারের ঘনিষ্ঠ স্থানীয় পশতুন আদিবাসীদের এক মুরুব্বির আত্মীয়ের শেষকৃত্যোনুষ্ঠানে এ হামলা হয়। পেশাওয়ারের প্রশাসক সিরাজ আহমেদ একথা জানিয়েছেন।
শীর্ষ এক প্রাদেশিক কর্মকর্তা হামলায় ৩৭ জন নিহত এবং ৫২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
এর আগে সিরাজ আহমেদের উদ্ধৃতি দিয়ে রয়টার্স এ হামলায় ৩৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো। তিনি নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
বিস্ফোরণ ঘটানোর আগে হামলাকারী শেষকৃত্য অনুষ্ঠানে শোকার্ত জনতার ভিড়ে মিশে যায় বলে জানান সিরাজ।
হামলায় বেঁচে যাওয়া একজন বলেন, লোকজন জড়ো হয়ে জানাজা শুরুর করা মাত্র একটি বালক লোকজনের ভিড়ের মধ্যে ঢুকে গিয়ে নিজেকে উড়িয়ে দেয়।
তালেবানের এক মুখপাত্র এ হামলার দায় স্বীকার করেছেন।
মঙ্গলবার ফয়সালাবাদের একটি পেট্রল পাম্পে গাড়ি বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত ও ১২৫ জন আহত হওয়ার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল।
জঙ্গিদের বিরুদ্ধে বেশ কিছু সামরিক পদক্ষেপ নেওয়ায় জঙ্গিদের তৎপরতা কমে গেছে বলে পাকিস্তান সেনাবাহিনী দাবী করলেও পাকিস্তান জুড়ে ক্রমাগত বোমা হামলা চলছেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০৫ ঘ.
bdnews24