কাবুল, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, ন্যাটোর বিমান হামলায় ৯ আফগান বালকের মৃত্যু দেশটির সাধারণ মানুষের সঙ্গে তাদের সম্পর্কোন্নয়নের পথে বাধা।
সোমবার অঘোষিত এক সফরে কাবুলে পৌঁছে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে বৈঠক করেন গেটস। গত সপ্তাহে ন্যাটোর হামলায় ওই নয় বালকের মৃত্যুতে আবারো দুঃখ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় এর আগেও দুঃখপ্রকাশ করে ওয়াশিংটন।
কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে গেটস বলেন, "ওই ঘটনা কেবল তাদের পরিবারের জন্যই বিয়োগান্তক নয়। তা আফগান জনগণের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়িয়েছে।"
কারজাই রোরবার বলেন, বিদেশি বাহিনীর হাতে বেসামরিক নাগরিক হত্যা আর মেনে নেওয়া যায় না। আফগানিস্তানে মার্কিন-ন্যাটো বাহিনীর কমান্ডার ডেভিড পেত্রাউস এর জন্য ক্ষমা চাইলেও তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
পেত্রাউসের উপস্থিতিতে নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠকে কারজাই বলেন, বিদেশি বাহিনীর হাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা আফগান সরকার এবং জনগণ আর মেনে নিতে পারে না।
ওই বৈঠকে পেত্রাউস গত মঙ্গলবার আফগানিস্তানের কুনার প্রদেশে ন্যাটোর হেলিকপ্টার হামলায় ৯ শিশুর মৃত্যুর জন্য ক্ষমা চান। ভুলের কারণে এ ঘটনা ঘটেছে এবং এর আর কোনো পুনরাবৃত্তি হবে না বলে জানান তিনি।
কিন্তু কারজাই বলেন, পেত্রাউসের এ ক্ষমা প্রার্থনাই যথেষ্ট নয়। যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মূলে রয়েছে বেসামরিক নাগরিক হতাহতের এ ঘটনা, বলেন তিনি।
কারজাই বলেন, আফগানিস্তানের জনগণ এতো ভয়াবহ ঘটনার শিকার হচ্ছে যে কেবল এর নিন্দা জানিয়ে বা ক্ষমা চেয়ে এ ক্ষত সারানো যাবে না।
কারজাইয়ের এ বিবৃতির আগে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে কাবুলের রাস্তায় রাস্তায় বিক্ষোভ করেছে শত শত মানুষ। 'আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দেয় তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬৩৪ ঘ.
bdnews24