২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়াকে 'নো ফ্লাই জোন' ঘোষণার আহ্বান

লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2011, 08:00 AM

Updated : 24 Aug 2022, 02:39 PM

রাস লানুফ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন ও ফ্রান্স। আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, বিদ্রোহীদের দমনে মুয়াম্মার গাদ্দাফির বিমান বহরের হামলার কারণে লাখ লাখ লোক মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। এ কারণেই জাতিসংঘের প্রতি এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ। বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ সোমবার বলেন, লিবায়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা ঘোষণার লক্ষ্যে তার সরকার মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ফ্রান্স সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, উপসাগরীয় দেশগুলো আরব লীগের এক জরুরি বৈঠকে লিবিয়ার আকাশকে 'উড্ডয়ন নিষিদ্ধ' এলাকা ঘোষণার আহ্বান জানিয়েছে। এদিকে, আফগানিস্তান সফররত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলেছেন, আন্তর্জাতিক সমর্থন ছাড়া লিবিয়ায় কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। জাতিসংঘে ভোটো ক্ষমতার অধিকারী রাশিয়া জানিয়েছে, তারা লিবিয়ায় বিদেশি সামরিক হস্তক্ষেপের পক্ষপাতি নয়। ন্যাটোর সেক্রেটারি জেনারেল রাসমুসেন বলেন, তিনি কিছুতেই ভাবতে পারেন না যে, লিবিয়ার এই অবস্থায় বিশ্ব বিবেক ও জাতিসংঘ চুপ করে থাকতে পারে। ন্যাটো বাহিনীকে যে কোনো মুহূর্তে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তত থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি। যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জানিয়েছেন, লিবিয়াবসীর এই বিপর্যস্ত সময়ে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে। এদিকে, দুটি আরবি সংবাদপত্র ও আল জাজিরা টেলিভিশন সোমবার জানিয়েছে, লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফি সমঝোতার মাধ্যমে ক্ষমতা থেকে সরে যাওয়ার চেষ্টা করছেন। তবে এই খবরের ব্যাপারে লিবিয়া সরকারের কোনো ভাষ্য পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৩৫৩ ঘ.