২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের বিরুদ্ধে সৌদি আরবের হুঁশিয়ারি

বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়ে শনিবার সৌদি আরব জানিয়েছে, কোন ধরনের বিক্ষোভ সহ্য করা হবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 10:52 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

রিয়াদ, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়ে শনিবার সৌদি আরব জানিয়েছে, কোন ধরনের বিক্ষোভ সহ্য করা হবে না। গত বৃহস্পতিবার দেশটির তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলের আওমিয়া ও কাতিফ শহরে শিয়া সংখ্যালঘুদের বিক্ষোভের পর এ হুঁশিয়ারী দেওয়া হলো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সৌদি আরবে কোন ধরনের মিছিল, বিক্ষোভ প্রদর্শন অথবা অবস্থান ধর্মঘট নিষিদ্ধ। কোন ব্যাক্তি বা গোষ্ঠি আইন অমান্য করার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনী তা বন্ধ করার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে। অন্যান্য আরব দেশের প্রতিবাদ বিক্ষোভের সাফল্যে উৎসাহিত হয়ে গত কয়েকদিন দেশটির পূর্বাঞ্চলে শিয়ারা বিক্ষোভ করে। এছাড়া সৌদি রাজধানী রিয়াদের একটি মসজিদে শুক্রবার ছোট একটি বিক্ষোভ হয়। সৌদি আরব এ পর্যন্ত মিসর বা তিউনিসিয়ার বিক্ষোভের পরিস্থিতির মত কোন পরিস্থিতির মুখোমুখি হয়নি। বিক্ষোভের মুখে মিসর ও তিউনিসিয়ার ক্ষমতাসীনরা ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। তবে ইয়েমেন, বাহরায়েন, জর্ডান, লিবিয়া ও ওমানের বিক্ষোভ পরিস্থিতি সৌদি ভিন্নমতাবলম্বীদেরও ছুঁয়ে যেতে পারে। চলতি মাসে সৌদি আরবে দুটি বিক্ষোভের ফেইসবুক আহ্বানে ১৭ হাজার ফেসইসবুক ব্যবহারকারী সহমত প্রকাশ করেছে। এর একটি ছিল গত শুক্রবারের রিয়াদের বিক্ষোভ। এছাড়া, গত প্রায় দুই সপ্তাহ ধরে সুন্নি শাসিত রাজতন্ত্রের দেশটিতে সমান নাগরিক অধিকার দাবি করে বিক্ষোভ করেছে শিয়া বিক্ষোভকারীরা। তারা কর্মসংস্থানের সুযোগের পাশাপাশি সরকারি চাকরিতে উচ্চ পদে নিয়োগেরও দাবি জানান । দেশটির পূর্বাঞ্চলে প্রায় ২০ লাখের বেশি শিয়া মতাবলম্বীর বাস। দেশটিতে তারা এখনো অনেক ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এবি/এলকিউ/১৬০৬ ঘ.