২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে প্রকম্পিত ত্রিপোলি

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রোববার ভোরে ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে এ গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2011, 10:41 AM

Updated : 24 Aug 2022, 02:38 PM

ত্রিপোলি, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে রোববার ভোরে ব্যাপক গোলাগুলি হয়েছে। তবে এ গোলাগুলির বিষয়টি অস্বীকার করেছে সরকার। দেশটির চার দশকের শাসক কর্নেল মুয়াম্মার গাদ্দাফির পতনের দাবিতে চলমান আন্দোলন-সংগ্রামে ত্রিপোলিতে এটাই প্রথম এ ধরনের গোলাগুলির ঘটনা। রোববার ভোর পাঁচটা ৪৫-এ ত্রিপোলিতে মেশিনগান ও ভারী আগ্নেয়াস্ত্রের গুলির শব্দ শোনা যায়। তবে কে বা কারা গুলি ছুড়েছে এবং গুলিতে ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো পরিস্কার হওয়া যায়নি। লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম ত্রিপোলিতে কোনো ধরনের বন্দুক যুদ্ধের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, "আমি আপনাদের নিশ্চিত করছি, আমি আপনাদের নিশ্চিত করছি, আমি আপনাদের নিশ্চিত করছি, আমি আপনাদের নিশ্চিত করছি, ত্রিপোলিতে কোনো লড়াই হচ্ছে না।" "সবকিছু নিরাপদ, ত্রিপোলি একশ' শতাংশ নিয়ন্ত্রণে, আপনারা যা শুনছেন তা উৎসবের আতশবাজির শব্দ। সাধারণ মানুষ রাস্তায়। তারা স্কয়ারে নাচছে।" তবে নিরাপত্তার স্বার্থে সেখানে না যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি। ওদিকে, ত্রিপোলির মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমের শহর জাউইয়াতে শনিবার রাতেও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী বাহিনীর সংঘর্ষ হয়েছে। শহরটির নিয়ন্ত্রণ ফিরে পেতে শুক্রবার সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। জাউইয়ায় শনিবারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন এক চিকিৎসক। এ নিয়ে শহরটিতে শুক্র ও শনিবারের বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০-এ। শনিবার রাস লানুফের পথে অগ্রসর হওয়ার সময় বিন জাওয়াদ শহরের নিয়ন্ত্রণ নেয় দেশটির পূর্বাঞ্চলে দখল নেওয়া বিদ্রোহী বাহিনী। রোববার তারা গাদ্দাফির নিজ শহর সিরতের দিকে অগ্রসর হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২০ ঘ.