২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হস্তান্তর রায়ের বিরুদ্ধে অ্যাস্যাঞ্জের আপিল

যৌন অপরাধের অভিযোগে ব্রিটেন থেকে সুইডেনে হস্তান্তরের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 03:27 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

লন্ডন, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যৌন অপরাধের অভিযোগে ব্রিটেন থেকে সুইডেনে হস্তান্তরের রায়ের বিরুদ্ধে আপিল করেছেন উইকিলিকস ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। অ্যাস্যাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেন বৃহস্পতিবার রয়টার্সকে বলেন, আদালত অ্যাস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তরের যে আদেশ দিয়েছে তার বিরুদ্ধে লন্ডনের হাইকোর্টে আপিল করা হয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এ আপিল আবেদনের শুনানি শেষ হবে। এ আপিলে কাঙ্খিত রায় না আসলে লন্ডনের সুপ্রিম কোর্টে আবারো আপিল করা হবে বলে জানান তিনি। গত সপ্তাহে লন্ডনের একটি আদালত সুইডেনের দুই নারীর দায়ের করা যৌন অপরাধ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অ্যাস্যাঞ্জকে সুইডিশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আদেশ দেয়। বর্তমানে ওই মামলায় কঠোর শর্তে জামিনে ব্রিটেনে অবস্থান করছেন অ্যাস্যাঞ্জ। গত বছর ইরাক ও আফগান যুদ্ধ সম্পর্কিত পেন্টাগনের কয়েক লাখ গোপন নথি এবং বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা কয়েক হাজার গোপন বার্তা ফাঁস করে যুক্তরাষ্ট্রের ক্ষোভের মুখে পড়ে উইকিলিকস ও ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা অ্যস্যাঞ্জ। অ্যাস্যাঞ্জকে সুইডেনে হস্তান্তর করা হলে সেখান থেকে তাকে যুক্তরাষ্ট্রে হস্তান্তর করা হতে পারে এবং যুক্তরাষ্ট্রে তার মৃত্যুদণ্ডের আশঙ্কা রয়েছে বলে দাবি করে আসছেন অ্যাস্যাঞ্জের আইনজীবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২১২৩ ঘ.