২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগে বাধ্য হলেন ভারতের দুর্নীতি দমন কমিশন প্রধান

সরকারি কর্মকর্তা থাকাকালে দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ আদালতের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের দুর্নীতি দমন কমিশনের প্রধান পিজে টমাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সরকারি কর্মকর্তা থাকাকালে দুর্নীতির অভিযোগে সর্বোচ্চ আদালতের নির্দেশে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের দুর্নীতি দমন কমিশনের প্রধান পিজে টমাস। গত বছর টমাসকে এ পদে নিয়োগ দেয় কংগ্রেস নেতৃত্বাধীন ভারত সরকার। ১৯৯২ সালে কেরালা প্রদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা থাকাকালে উচ্চমূল্যে পাম-তেল আমদানির সঙ্গে জড়িত বলে টমাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা রয়েছে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। বৃহস্পতিবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, প্রধান বিচারপতি এসএইচ কাপাদিয়ার নেতৃত্বাধীন আদালত টমাসের নিয়োগের বিষয়ে বলেন, "উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির সুপারিশ আইন সম্মত ছিলো না বলে আমরা ঘোষণা করছি। সেইসঙ্গে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে পিজে টমাসের নিয়োগ বাতিল করা হচ্ছে।" মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন কমিটি টমাসকে দুর্নীতি দমন কমিশনের প্রধান হিসেবে নিয়োগ দেয়। ভারতে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী ও আমলাদের অর্থ কেলেঙ্কারির পাল্লায় এবার যোগ হলো টমাসের পদত্যাগ। আর এতে আবারো প্রশ্নের মুখে পড়ছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। টমাসকে প্রকাশ্যে সমর্থন দিয়েছিলেন তিনি। বিরোধী দলগুলো দীর্ঘদিন ধরে টমাসের পদত্যাগ দাবি করে আসছিলো। আদালতের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা সুস্বমা স্বরাজ বলেন, "প্রধান দুর্নীতি দমন কমিশনারের দপ্তর তার মর্যাদা ফিরে পেয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২০৪৭ ঘ.