২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন গোপন নথি ফাঁসম্যানিং'র বিরুদ্ধে ২২টি নয়া অভিযোগ দায়ের

যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ স্পর্শকাতর গোপন নথিপত্র পাচারের দায়ে অভিযুক্ত সেনার বিরুদ্ধে নতুন করে আরো ২২টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ওয়াশিংটন, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্র সরকারের লাখ লাখ স্পর্শকাতর গোপন নথিপত্র পাচারের দায়ে অভিযুক্ত সেনার বিরুদ্ধে নতুন করে আরো ২২টি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ব্রাডলি ম্যানিং নামে এই প্রাক্তন মার্কিন গোয়েন্দা বিশ্লেষক ইরাকে কর্মরত থাকার সময় ওইসব নথিপত্র পান বলে সন্দেহ করা হয়। পরবর্তী সময়ে ইরাক ও আফগান যুদ্ধ সংক্রান্ত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন কূটনৈতিক তারবার্তা ও মার্কিন সেনাবাহিনীর গোপন নথিপত্র উইকিলিকস ওয়েবসাইট ফাঁস করে দিলে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এর ফলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় যুক্তরাষ্ট্র। সাত মাস তদন্তের পর ম্যানিংয়ের বিরুদ্ধে নতুন এই অভিযোগগুলো আনা হল। অভিযোগগুলোর মধ্যে 'শত্র"কে সহায়তা' ও 'গোয়েন্দাবৃত্তির অপব্যবহার' অন্যতম বলে এক বিবৃতিতে জানায় মার্কিন সেনাবাহিনী। ওই বিবৃতিতে আরো জানানো হয়, তারা ম্যানিং এর মৃত্যুদণ্ডের জন্য আবেদন করবে না। তবে 'শত্র"কে সহায়তা' সামরিক আইনে সর্বোচ্চ অপরাধগুলোর একটি। তবে অভিযোগ প্রমাণিত হলে ম্যানিং এর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এরআগেও ২৩ বছর বয়স্ক ম্যানিং স্পর্শকাতর তথ্য ফাঁসের দায়ে অভিযুক্ত হয়েছিলেন। ২০০৭ সালেও ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর হেলিকপ্টার হামলায় রয়টার্সের দুই কর্মীসহ প্রায় ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। ম্যানিং সেই ঘটনার গোপন ভিডিও রেকর্ড ডাউনলোড করে তার এক বন্ধুর কাছে পাঠিয়ে দেন, যা পরবর্তী সময়ে বিশ্বব্যাপী প্রচারিত হয়। মার্কিন সেনাবাহিনী ওই ঘটনায় ম্যানিংকে দোষী সাব্যস্ত করে। উইকিলিকস ওয়েবসাইটের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জ ব্রাডলি ম্যানিং এর সাথে কোন ধরনের যোগাযোগ থাকার কথা অস্বীকার করে উল্টো অভিযোগ করেছেন, তার বিরুদ্ধে মামলা দাঁড় করানোর জন্য যুক্তরাষ্ট্র কারারুদ্ধ সৈনিককে ব্যবহার করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৪৮ ঘ.