২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় টাকা সরবরাহকারী হেলিকপ্টারে গুলি, নিহত ৬

কলম্বিয়ায় ব্যাংকে টাকা সরবরাহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টারে বন্দুকধারীরা গুলি চালালে ৪ পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের মৃত্যু হয়। টাকা লুট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2011, 05:41 AM

Updated : 24 Aug 2022, 02:37 PM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলম্বিয়ায় ব্যাংকে টাকা সরবরাহের কাজে নিয়োজিত একটি হেলিকপ্টারে বন্দুকধারীরা গুলি চালালে ৪ পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের মৃত্যু হয়। টাকা লুট করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে। তবে টাকা লুট করে নিয়ে যেতে ব্যর্থ হয়েছে বন্দুকধারীরা। বিবিসি বুধবার জানায়, কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্যাউকা প্রদেশের ক্যালোটোয় হেলিকপ্টারটি অবতরণ করার পর বন্দুকধারীরা গুলি ছুঁড়তে শুরু করে। ব্যাংকে টাকা সরবরাহ করার কাজে নিয়োজিত ছিল এই হেলিকপ্টারটি। পুলিশ কর্মকর্তারা যখন হেলিকপ্টার থেকে টাকা নামাচ্ছিলেন তখন তারা গোলাগুলির শিকার হন। এতে নিহত হয় ৪ পুলিশ কর্মকর্তা ও ২ জন সাধারণ নাগরিক। কলম্বিয়ার পুলিশ প্রধান জেনারেল অস্কার নারানজো এ হামলার জন্য দেশটির সর্ববৃহৎ বামপন্থী বিদ্রোহী গোষ্ঠী ফার্ককে দায়ী করেন। তিনি বলেন, "আমরা এখনো আমাদের সূত্রগুলোর সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি। তবে আমাদের ধারণা এই হামলা ফার্কের সন্ত্রাসীরাই চালিয়েছে।" জেনারেল নারানজো বলেন, দায়িত্ব পালন করতে গিয়ে ওই ৬ জন প্রাণ হারিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ ঘ.