ত্রিপোলি, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়ন অব্যাহত রাখার প্রেক্ষাপটে লিবিয়ার দিকে বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে লিবিয়াকে ঘিরে থাকা মার্কিন রণতরী ও বিমান শক্তির তৎপরতা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বেশ কয়েকটি দেশ লিবিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানের ব্যাপারে সোমবার আলোচনা করেছে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত সুসান রিচ বলেন, গাদ্দাফি বাস্তবতা থেকে দূরে ছিলেন। ফলে তিনি নিজের জনগণকেই হত্যা করছেন। এর ফলে তিনি নেতৃত্ব দেওয়ার যোগ্যতা হারিয়েছেন।
সুসান আরো বলেন, ওয়াশিংটন ন্যাটোসহ অন্যান্য মিত্র রাষ্ট্রের সঙ্গে সেনা অভিযানের ব্যাপারে আলোচনা করেছে। ইতোমধ্যে গাদ্দাফি ও তার পরিবারের প্রায় ৩ হাজার কোটি মার্কিন ডলারের সম্পদ জব্দ করেছে যুক্তরাষ্ট্র।
ইতালির বাইরে অবস্থানরত লিবিয়ার কাছাকাছি থাকা ৬ষ্ঠ মার্কিন নৌবহর সহায়তা পরিকল্পনা অনুসারে কাজ শুরু করেছে। মানবিক সহায়তাও এর অন্তর্ভুক্ত। তবে বিশ্লেষকরা বলছেন, গাদ্দাফির বিরুদ্ধে সামরিক অভিযান অসম্ভব ছিল।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ লিবিয়া সমস্যার শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে বিকল্প আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করেন।
গাদ্দাফি শাভেজের ঘনিষ্ট বন্ধু এবং রাজনৈতিক মিত্র।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন লিবিয়ার জনগণকে গাদ্দাফির বাহিনীর হাত থেকে রক্ষার জন্য লিবিয়াতে একটি 'নো ফ্লাই জোন' তৈরির ঘোষণা দিয়েছেন।
কিন্তু এতোকিছুর পরও ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর আহ্বান এখনো প্রত্যাখ্যান করে যাচ্ছেন গাদ্দাফি। তার ৪১ বছরের শাসনের বিরুদ্ধে গণরোষ ক্রমশ বাড়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
ইতোমধ্যে লিবিয়ার পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছেন গাদ্দাফি। ত্রিপোলিতে এক অর্থে কোনঠাসা অবস্থায় রয়েছেন তিনি। রাজধানী ত্রিপোলিতেও তার নিয়ন্ত্রণ শিথিল হতে শুরু করেছে।
সোমবার এবিসি ও বিবিসি সংবাদমাধ্যমে গাদ্দাফি বলেন, "জনগণ আমাকে ভালোবাসে, তারা জীবন দিয়ে হলেও আমাকে রক্ষা করবে।"
আন্দোলনকারীদের ওপর বিমান হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে গাদ্দাফি বলেন, সেনা ঘাঁটি ও অস্ত্রভাণ্ডারগুলোর ওপর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।
আল কায়েদা তরুণ সম্প্রদায়কে মাদকাসক্ত করে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে অভিযোগ করে তার বিরুদ্ধে দেশে কোনো আন্দোলন নেই বলে দাবি করেন গাদ্দাফি। তিনি আরো বলেন, সেনা বাহিনীকে ওইসব তরুণদের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার না করার নির্দেশ দেওয়া আছে।
ত্রিপোলিতে অবস্থানরত ৬৮ বছর বয়সী গাদ্দাফিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বেশ প্রশান্ত ও হাস্যোজ্জ্বল দেখাচ্ছিল।
এদিকে, গাদ্দাফিপন্থীরা নালুত অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ওই অঞ্চলের অধিবাসীরা।
নালুতের এক অধিবাসী সামি টেলিফোনে রয়টার্সকে বলেন, এ অঞ্চলটি তিউনিসিয়া সমীন্তবর্তী। তারা (গাদ্দাফি অনুগত বাহিনী) ভারি মেশিনগান, সেনাযানসহ হালকা অস্ত্র নিয়ে আমাদের ঘিরে রেখেছে।
সামি বলেন, "তারা অপরাধীদের ধরতে এসেছে বলে দাবি করলেও নালুতের জনগণ ঠিকই বুঝতে পারছে, শহরের নিয়ন্ত্রণ নেওয়ার জন্যই তারা এসেছে। সবাই সম্ভাব্য হামলা আশঙ্কায় সতর্কতা অবলম্বন করছে।"
নাম প্রকাশে অনিচ্ছুক নালুতের অপর এক অধিবাসী বলেন, লিবিয়ার সেনারা তিউনিসিয়া সীমান্তের দিকে যাচ্ছে বলে তিনি শুনেছেন। তিনি বলেন, "নালুতে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। সেনারা এ শহরের ওপর দিয়ে সীমান্তের দিকে গেছে। কেউ জানে না এখানে কী ঘটবে।"
এর আগে লিবিয়ার ওপর জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র অবরোধ আরোপের ঘোষণা দেয়।
গাদ্দাফির চার দশকের শাসন অবসানে গত সপ্তাহ থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আরব দেশটির বেশ কিছু অংশে ইতোমধ্যে নিয়ন্ত্রণ হারিয়েছে গাদ্দাফি সরকার।
তবে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয় বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24