নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- প্রতিবেশি দেশ চীনের উদীয়মান শক্তি মোকাবেলায় বাজেটে বাৎসরিক প্রতিরক্ষা ব্যয় প্রায় ১১ দশমিক ৬ শতাংশ বাড়িয়েছে ভারত।
বিশ্লেষকরা বলছেন, ভারত সরকার ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারের জঙ্গি বিমান ক্রয়ের বড় ধরনের চুক্তিসহ আরো অনেক পরিকল্পনা নিয়ে এগুবে--প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি সে ইঙ্গিতই দিচ্ছে।
বিশ্বের অন্য অনেক দেশের মতো ভারতও চীনের উদীয়মান অর্থনৈতিক ও সামরিক শক্তি নিয়ে উদ্বিগ্ন।
তাই চীনকে মোকাবেলার কথা মাথায় রেখে ভারত আকাশ প্রতিরক্ষার পাশাপাশি ভারত মহাসাগরে জলপথের সুরক্ষায় সাবমেরিনসহ নজরদারি হেলিকপ্টার এবং পরিবহন বিমানের ব্যবস্থা করারও চিন্তাভাবনা করছে।
ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জী সোমবার পার্লামেন্টে ২০১১-২০১২ অর্থবছরের বাজেট ঘোষণা করেছেন।
এ বাজেটেই সামরিক খাতে ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন রুপির বেশি অর্থ (৩৬ দশমিক ২৮ বিলিয়ন ডলার) বরাদ্দ করেছেন তিনি। গত বছর যা ছিলো ১ দশমিক ৪৭ ট্রিলিয়ন রুপি।
ফলে গত বছর থেকে এ বছরে সামরিক খাতে বাজেট বাড়লো প্রায় ৪ শতাংশ।
ভারতের অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার এবং বর্তমানে সরকার পরিচালিত ল্যান্ড ওয়েলফেয়ার স্টডিজ সেন্টারের প্রধান গুরমিত কানোয়াল বলেন, চীন আসলেই এ অঞ্চলে দীর্ঘমেয়াদে একটি চ্যালেঞ্জ। আর তাই ভারতের নিরাপত্তা পরিকল্পনা চীনের কথা মাথায় রেখেই করা হয়েছে।
ওদিকে, চীন যুক্তরাষ্ট্রকে তার প্রধান প্রতিপক্ষ বিবেচনা করে গত বছর প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে করেছে ৭৮ বিলিয়ন ডলার। চীন এ সপ্তাহের শেষে ২০১১ অর্থবছরের বাজেট ঘোষণা করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের ঘোষিত বাজেটে প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের ওই বরাদ্দ ছাড়াও সামাজিক উন্নয়ন খাতে লক্ষণীয় অর্থ বরাদ্দ করেছেন প্রণব।
দেশে অনাহার এবং অপুষ্টি সমস্যা মেটাতে তিনি এ খাতে গত বছরের তুলনায় অর্থবরাদ্দ ১৭ শতাংশ বাড়ানোর কথা বলেছেন। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় বাড়বে ২০ শতাংশ। ব্যয বাড়ানোর কথা বলা হয়েছে শিক্ষা খাতেও।
তাছাড়া এবারই প্রথম খাদ্য নিরাপত্তা বিষয়ক একটি বিল সংসদে আনছে সরকার। এ বিল পাশ হলে গরিব মানুষরা উপকৃত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24