২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা শহরগুলোতে হামলার আশঙ্কা

লিবিয়ায় যেসব শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে সেগুলোতে গাদ্দাফিপন্থীরা পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2011, 06:28 AM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ত্রিপোলি, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় যেসব শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে সেগুলোতে গাদ্দাফিপন্থীরা পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী ত্রিপোলির মাত্র ৩০ মাইল পশ্চিমে অবস্থিত জাইয়াহ শহরটি ঘিরে রেখে প্রায় ২ হাজার সেনা। সোমাবার সেখানে হামলার আশঙ্কা করছে বিদ্রোহীরা। বিদ্রোহীদের পক্ষে যোগ দেওয়া পুলিশের সাবেক এক কর্মকর্তা বলেন, "তাদের (গাদ্দাফির অনুগত সেনাবাহিনী) বিরুদ্ধে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়ে যাবো। তারা শিগগিরই হামলা চালাবে।" তিনি আরো বলেন, "মুক্তির এ লড়াইয়ে আমরা মরতেও প্রস্তুত।" দেশটির পূর্বাঞ্চলে গাদ্দাফির ক্ষমতা খর্বকারী জেনারেল আহমেদ এল গাতরানি রয়টার্সকে বলেন, তার বাহিনী পশ্চিমে অবস্থানকারী বিদ্রোহীদের সহায়তা করার জন্য প্রস্তুত। গাতরানি বলেন, "ত্রিপোলিতে অবস্থানকারী আমার ভাইয়েরা জানিয়েছেন, তাদের আপাতত সাহায্যের দরকার নেই, মোটামুটি ভালোই আছে তারা। কিন্তু যদি তাদের সহায়তা চেয়ে পাঠায় তবে আমরা প্রস্তুত।" গাতরানি বেনগাজির অন্যতম শীর্ষ সেনা কর্মকর্তা। বিশ্লেষকরা বলছে, গাদ্দাফির পক্ষত্যাগকারী সেনাদের প্রত্যাশা, বিদ্রোহীরা রাজধানী ত্রিপোলি দখলে নিয়ে গাদ্দাফিকে হত্যা করুক কিংবা আটক করুক। কিন্তু তারা এ বলেও সতর্ক করে দিয়েছে, গৃহযুদ্ধ সৃষ্টির ক্ষমতা গাদ্দাফির রয়েছে। আর এ ব্যাপারে গাদ্দাফি ও তার ছেলে সতর্কও করে দিয়েছে। মুস্তাফা নামে জাইয়াহ শহরের এক অধিবাসী বলেন, "গাদ্দাফি উন্মাদ হয়ে গেছে। তার অনুগত বাহিনী আমাদের দিকে রকেট গ্রেনেড ব্যবহার করছে।" এর আগে শনিবার লিবিয়ার ওপর যুক্তরাষ্ট্রের পর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ। ওয়াশিংটন বলেছে, মুয়াম্মার গাদ্দাফিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। কিন্তু এরপরও উত্তর আফ্রিকার দেশটির চার দশকের শাসনকর্তা ব্যাপক বিক্ষোভের মধ্যেও গদি ছাড়তে নারাজ । সরকারবিরোধী আন্দোলনে দমন-পীড়ন চালানোর প্রেক্ষাপটে শুক্রবারই লিবিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে লিবিয়ার ওপর অবরোধ আরোপের সিদ্ধান্ত নেয়। এর ফলে লিবিয়ার অস্ত্র কেনা-বেচা বন্ধ হয়ে যাবে, বিদেশে থাকা সম্পদ জব্দ হবে। এছাড়া বিক্ষোভ দমনের মধ্য দিয়ে গাদ্দাফি মানবতাবিরোধী অপরাধ করছেন বলে মনে করছে নিরাপত্তা পরিষদ। সে জন্য এ বিষয়ে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক অপরাধ আদালতের পদক্ষেপ চেয়েছে তারা। গাদ্দাফির চার দশকের শাসন অবসানে গত সপ্তাহ থেকে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। আরব দেশটির বেশ কিছু অংশে ইতোমধ্যে নিয়ন্ত্রণ হারিয়েছে গাদ্দাফি সরকার। তবে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনী হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয় বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২২২ ঘ.