২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডে নিহতদের জন্য প্রার্থনা

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভূমিকম্পে নিহতদের জন্য রোববার দেশজুড়ে চার্চে প্রার্থনা করা হয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশ' ৪৭ জনে দাঁড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

ক্রাইস্টচার্চ, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ভূমিকম্পে নিহতদের জন্য রোববার দেশজুড়ে চার্চে প্রার্থনা করা হয়েছে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে একশ' ৪৭ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার ছয় দশমিক তিন মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হয় ক্রাইস্টচার্চ। ভূমিকম্পে এখনো পঞ্চাশ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। শহরটিতে গত ৮০ বছরের মধ্যে এটাই সবচেয়ে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। শনিবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কে ভূমিকম্পে নিহতদের স্মরণে আগামী ১ মার্চ দুই মিনিট নিরবতা পালনের ঘোষণা দেন। নিউজিল্যান্ডের উদ্ধারকারী দলের সঙ্গে যুক্তরাষ্ট্র, জাপান ও চীনসহ ছয়টি দেশের কয়েকশ' উদ্ধারকারী ক্রাইস্টচার্চে ও শহরের উপকণ্ঠে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বুধবার বিকালের পর থেকে এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি। আটকেপড়াদের কেউ জীবিত রয়েছে কিনা তার সন্ধানে উদ্ধারকারীরা প্রশিক্ষিত কুকুর, সাউন্ড ডিটেক্টর ও ক্যামেরাসহ উন্নতমানের প্রযুক্তি ব্যবহার করছেন। কিন্তু এখনো পর্যন্ত কারো বেঁচে থাকার আলামত তারা পায়নি। নিউজিল্যান্ডে প্রতিবছর ১৪ হাজার বারেরও বেশি ভূমিকম্প হয়। এরমধ্যে ৫-এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প হয় ২০ বারের কাছাকাছি। প্রায় ৪ লাখ মানুষের শহর ক্রাইস্টচার্চে গত বছরের সেপ্টেম্বরে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়। তবে ওই ভূমিকম্পে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/১৯৪৭ ঘ.