২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণকে উত্তর কোরিয়ার হুঁশিয়ারি

মিশরের সফল গণবিক্ষোভ সম্পর্কিত প্রচারপত্র উত্তর কোরিয়ায় ফেলার জবাবে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2011, 12:10 PM

Updated : 24 Aug 2022, 02:36 PM

সিউল, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের সফল গণবিক্ষোভ সম্পর্কিত প্রচারপত্র উত্তর কোরিয়ায় ফেলার জবাবে পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়ায় সামরিক হামলা চালানোর হুমকি দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ রোববার জানায়, উত্তর কোরিয়া বিরোধী এ মনস্তাত্ত্বিক প্রচার অব্যাহত থাকলে দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় গুলিবর্ষণ করা হবে। উত্তর কোরিয় জনগণকে সরকারের বিরুদ্ধে বিক্ষোভে উৎসাহিত করার উদ্দেশ্যে দক্ষিণ কোরিয় সেনাবাহিনী ওই প্রচারপত্র বেলুনে ভরে উত্তর কোরিয়ায় ফেলে। এ ছাড়া উত্তর কোরিয় জনগনের জন্য খাদ্য, ওষুধ ও বেতারযন্ত্রও পাঠাচ্ছে। কেসিএনএ বলেছে, আলোচনা ও সমঝোতার মাধ্যমে দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ ও জাতীয় সমৃদ্ধি অর্জন করার বিষয়টি যখন সময়ের দাবি এবং কোরিয়রা তা চাইছে ঠিক সেই সময়ে দক্ষিণ কোরিয় সেনাবাহিনীর চালানো এই মনস্তাত্ত্বিক লড়াই একটি প্রতারণামূলক ও দায়িত্বজ্ঞানহীন কাজ। "আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি যে, আত্মরক্ষার্থে আমাদের সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার রিমজিন প্যাভিলিয়ন এবং যে সব স্থান থেকে উত্তর কোরিয়া বিরোধী প্রচারণা চালানো হয় সেখানে সরাসরি হামলা চালাবে।" রিমজিন প্যাভিলিয়ন হচ্ছে দুই কোরিয়ার মধ্যবর্তী বেসামরিক এলাকা সংলগ্ন দক্ষিণ কোরিয় সীমান্ত এলাকা। এছাড়া যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া সোমবার যে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে তা থেকে কোন ধরনের উস্কানি দেওয়া হলে তার সমুচিত জবাব দেবে বলে হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। গত মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ চেওনান কভেট্টিতে টর্পেডো হামলায় ৪৬ নাবিকের মৃত্যু ও নভেম্বরে দক্ষিণ কোরিয় ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয় সেনাবাহিনীর গোলা হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চার জন নিহত হওয়ায় কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৮০৯ ঘ.